পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন রাহুল-ই! নিন্দা করতে গিয়ে অকপট স্বীকারোক্তি বিজেপি সাংসদের
আক্রমণ করতে গিয়ে চরম বিপত্তি! রাহুল গান্ধীকে 'ভাবী প্রধানমন্ত্রী' বলে হাসির পাত্র বিজেপি সাংসদ
Truth of Bengal: রাজনীতিতে অসাবধানবশত মুখ ফস্কে কোনও কথা বলে ফেলা নতুন কিছু নয়, তবে সেই মন্তব্য যদি প্রতিপক্ষের প্রশংসায় পরিণত হয়, তবে রাজনৈতিক চর্চা অন্য মাত্রা পায়। ঠিক তেমনই এক অদ্ভুত ও অস্বস্তিকর অভিজ্ঞতার মুখোমুখি হলেন বিজেপি সাংসদ তথা জনপ্রিয় তারকা রবি কিষাণ। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে কড়া ভাষায় আক্রমণ করতে গিয়ে আচমকাই তিনি তাঁকে ‘দেশের ভাবী প্রধানমন্ত্রী’ বলে সম্বোধন করে বসলেন। রবি কিষাণের সেই বিতর্কিত মন্তব্যের ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা নেটপাড়ায় ব্যাপক হাসির খোরাক জোগাচ্ছে।
ঘটনার সূত্রপাত মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত ইন্ডি জোটের এক প্রতিবাদ কর্মসূচি থেকে। অভিযোগ, মিছিল চলাকালীন মেজাজ হারিয়ে দলেরই এক কর্মীকে কনুই দিয়ে ধাক্কা মারেন রাহুল গান্ধী। সেই বিতর্কের জল আরও গড়ায় যখন কর্নাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারকে কলার ধরে টেনে সরিয়ে দেওয়ার আরও একটি ভিডিও প্রকাশ করে গেরুয়া শিবির। এই ইস্যুতেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাহুলকে তীব্র কটাক্ষ করতে গিয়েছিলেন গোরখপুরের বিজেপি সাংসদ রবি কিষাণ।
তবে তোপ দাগতে গিয়েই নিজের অজান্তে চরম গোলমাল করে বসেন তিনি। রবি কিষাণ বলে বসেন, “যখন আপনি দেশের প্রধানমন্ত্রী হবেন, তখন ভারতকে ঠিক কতটা ধাক্কা মারবেন? আজ আপনি নিজের দলের নেতাদের এভাবে কনুই দিয়ে ঠেলছেন, যা দেখতে সত্যিই খুব খারাপ লাগছে। আপনি তো প্রধানমন্ত্রী হতে চলেছেন, অথচ সবাইকে এভাবে কনুই মারছেন!”
রাহুলের নিন্দা করার ছলে বারদুয়েক তাঁর মুখ থেকে ‘প্রধানমন্ত্রী হতে চলেছেন’ বাক্যটি বের হতেই নেটিজেনদের একাংশ তা নিয়ে রসিকে মাতেন। অনেকেই ঠাট্টা করে মন্তব্য করেছেন, রবি কিষাণ কি তবে বিজেপিতে থাকা কংগ্রেসের গোপন এজেন্ট? যদিও এই নেট-বিতর্ক নিয়ে এখন পর্যন্ত রবি কিষাণ বা বিজেপি নেতৃত্বের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা যায়নি।
উল্লেখ্য, রাহুল গান্ধীর এই আচরণ নিয়ে বিজেপি সাংসদ তেজস্বী সূর্যও এক্স হ্যান্ডলে তোপ দাগেন। তিনি অভিযোগ করেন, একজন প্রবীণ মুখ্যমন্ত্রীকে প্রকাশ্যে অপমান করা আদতে সাত কোটি কন্নড়বাসীর মর্যাদাকে ক্ষুণ্ণ করার শামিল। তবে বাকি সব আক্রমণকে ছাপিয়ে এখন রবি কিষাণের এই অনিচ্ছাকৃত প্রশংসাই রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রে চলে এসেছে।






