Manhattan: নিউ ইয়র্কের কর্পোরেট চত্বরে রাইফেল হামলা, পুলিশ-সহ মৃত ৪
একটি উঁচু কর্পোরেট বিল্ডিংয়ের সামনে আচমকাই রাইফেল হাতে গুলি ছুড়তে শুরু করে এক আততায়ী। আর এই বন্দুক হামলার ঘটনায় এক পুলিশ অফিসার-সহ চারজন প্রাণ হারিয়েছেন।
Truth of Bengal: ফের বন্দুকবাজের হামলার ঘটনা ঘটল আমেরিকায়। সোমবার সন্ধেয় নিউ ইয়র্ক সিটির মিডটাউন ম্যানহাটনের একটি কর্পোরেট অফিস এলাকায় ভয়াবহ গুলিবর্ষণের ঘটনা ঘটে। ৩৪৫, পার্ক অ্যাভিনিউয়ের একটি উঁচু কর্পোরেট বিল্ডিংয়ের সামনে আচমকাই রাইফেল হাতে গুলি ছুড়তে শুরু করে এক আততায়ী। আর এই বন্দুক হামলার ঘটনায় এক পুলিশ অফিসার-সহ চারজন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। তাদেরকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে। সেইসঙ্গে নিউ ইয়র্ক পুলিশের পালটা গুলিতে ওই বন্দুকবাজও নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে প্রশাসন।
আরও পড়ুন: DVC flood: ডিভিসির জলই বন্যার বড় কারণ! বড় ‘প্ল্যানিং’-এর কথা ঘোষণা মমতার
এই ঘটনা প্রসঙ্গে নিউ ইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিচ জানান, হামলাকারীর কাছে একটি লম্বা রাইফেল ছিল এবং সে একাই হামলা চালিয়েছে। সন্ধ্যার সময় যখন বেশিরভাগ কর্মী অফিস ছেড়ে বেরোচ্ছেন, তখন নিরাপত্তার ফাঁক গলেই চত্বরের ভিতরে ঢুকে পড়ে আততায়ী এবং গুলিবর্ষণ শুরু করে। হামলার খবর ছড়িয়ে পড়তেই এলাকা ঘিরে ফেলে বিশাল পুলিশ বাহিনী। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। প্রত্যক্ষদর্শীদের অনেকেই সামাজিক মাধ্যমে তাঁদের অভিজ্ঞতার কথা জানান। অনেকেই লেখেন, আচমকাই পুলিশের তরফে সতর্কবার্তা ভেসে আসে— মিডটাউন ম্যানহাটনে বন্দুকবাজের হানা, কেউ যেন ৩৪৫ পার্ক অ্যাভিনিউয়ের কাছাকাছি না যান, অফিসে যাঁরা আছেন তাঁরা যেন ভিতরে নিরাপদে থাকেন।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/
ঘটনার পর নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস শহরবাসীকে উদ্দেশ করে সোশাল মিডিয়ায় সতর্কবার্তা জারি করেন। তবে আততায়ীর পরিচয় এখনও প্রকাশ্যে আসেনি। পুলিশ সূত্রে প্রাথমিক অনুমান, সে সম্ভবত ‘লোন উলফ’ বা একক জঙ্গি, যে নিজে থেকেই এই হামলার পরিকল্পনা করে এবং তা কার্যকর করে। এ ঘটনাকে কেন্দ্র করে ফের আমেরিকার বন্দুক নিয়ন্ত্রণ আইন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। নিরাপত্তার প্রশ্নে উদ্বেগে কর্পোরেট কর্মী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। নিউ ইয়র্ক পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং আততায়ীর উদ্দেশ্য ও পরিচয় জানতে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে।






