৩২ হাজার বাহিনী দিয়ে ঘেরাও গোটা দিল্লি! ককরোচ পার্টির তেরঙ্গা ওড়াও কর্মসূচি ঘিরে চরম উত্তেজনা
কনট প্লেসে কড়া নিষেধাজ্ঞা, বন্ধ সেন্ট্রাল পার্ক! আন্দোলন রুখতে রাজধানীতে নজিরবিহীন পুলিশি পাহারা
Truth of Bengal: দলের দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসকে জেলবন্দি করার প্রতিবাদে ককরোচ জনতা পার্টির (CJP) ডাকা ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচিকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি রাজধানী দিল্লিতে। এই বিক্ষোভ আন্দোলন মোকাবিলা করতে রীতিমতো দুর্গতির চেহারা নিয়েছে পুরো দিল্লি। এতদিন রাজধানীতে ২৬ হাজার নিরাপত্তা বাহিনী মোতায়েন থাকলেও, শুক্রবারের এই বিক্ষোভ কর্মসূচিকে সামনে রেখে আরও ৬ হাজার অতিরিক্ত বাহিনী নামানো হয়েছে। সব মিলিয়ে এদিন রাজধানীতে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত মোট কর্মীর সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজারে।
এদিকে ককরোচ পার্টির এই কর্মসূচিকে ঘিরে জনজীবন স্তব্ধ হয়ে যাওয়া এবং দোকানপাটের ব্যবসা লাটে ওঠার আশঙ্কা প্রকাশ করে দিল্লি হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন অনিল কুমার গুপ্তা নামে এক ব্যক্তি। তাঁর আর্জি ছিল, সাধারণ মানুষের দুর্ভোগ এড়াতে যেন এই প্রতিবাদ কর্মসূচি বাতিল করা হয়। তবে সমস্ত সওয়াল-জবাব শুনে দিল্লি হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয় যে, গণতান্ত্রিক দেশে সকলেরই প্রতিবাদের মৌলিক অধিকার রয়েছে, তাই কর্মসূচি বাতিল করা সম্ভব নয়। তবে কঠোরভাবে ভিড় নিয়ন্ত্রণ করার জন্য দিল্লি পুলিশকে কড়া নির্দেশ দিয়েছে আদালত।
আদালতের সবুজ সংকেত পেতেই নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। কনট প্লেসের সেন্ট্রাল পার্ক সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশ সাধারণ মানুষকে এই জমায়েতে অংশ না নেওয়ার আর্জি জানানোর পাশাপাশি সাফ জানিয়েছে, কনট প্লেস ও তার সংলগ্ন এলাকায় ‘ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা’-র ১৬৩ ধারা জারি রয়েছে। আইন ভাঙলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। সর্বোচ্চ মাত্র ১১ জন ব্যক্তিকে এই মিছিলে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
এই চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যেই ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক দাবি করেছেন যে, নম্বরবিহীন গাড়িতে চড়ে ইন্টেলিজেন্স ব্যুরো (IB)-এর আধিকারিকরা তাঁর ওপর লাগাতার নজরদারি চালাচ্ছেন এবং তাঁর বাড়িও পুলিশি ঘেরাওয়ের মধ্যে রয়েছে। তবে সমস্ত চাপকে উপেক্ষা করে তাঁর হুঙ্কার, প্রয়োজনে তাঁরা জেলেও যেতে প্রস্তুত, তবুও শান্তিপূর্ণভাবে তেরঙ্গা ওড়াবেন। পাশাপাশি, দিল্লির গণ্ডি পেরিয়ে সারা দেশের অন্য শহরগুলিতেও এই প্রতিবাদ ছড়িয়ে দেওয়ার ডাক দিয়েছেন তিনি।






