দেশ

সাংসদ তহবিলের টাকায় কাজ করতে বাধা! মহুয়া মৈত্রর অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ সুপ্রিম কোর্টের

শুক্রবার মামলার শুনানিতে মহুয়ার অভিযোগগুলি খতিয়ে দেখার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিল শীর্ষ আদালত

Truth of Bengal: নিজের লোকসভা কেন্দ্র কৃষ্ণনগরে সাংসদ তহবিলের টাকা খরচ করে উন্নয়নমূলক কাজ করতে পারছেন না বলে অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁর অভিযোগ, একাধিক প্রকল্পের কাজ আটকে রয়েছে এবং জেলা প্রশাসনকে বারবার জানিয়েও কোনও সুরাহা মেলেনি। শুক্রবার মামলার শুনানিতে মহুয়ার অভিযোগগুলি খতিয়ে দেখার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিল শীর্ষ আদালত। প্রশাসনিক স্তরে সমাধান না হলে কলকাতা হাই কোর্টে যাওয়ার পরামর্শও দিয়েছে আদালত।

অভিযোগ, সাংসদ তহবিলের অর্থে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে অন্তত ১৮টি উন্নয়নমূলক প্রকল্পের কাজ আটকে রয়েছে। শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে মামলাটির শুনানি হয়। মহুয়া মৈত্রর হয়ে সওয়াল করেন আইনজীবী গোপাল শঙ্করনারায়ণন। তাঁর দাবি, এলাকার উন্নয়নে কাজ করার ইচ্ছা থাকলেও নানা বাধার কারণে তা করতে পারছেন না সাংসদ। জেলা প্রশাসনকে চিঠি দিয়েও সমস্যার সমাধান হয়নি।

অন্যদিকে, রাজ্য সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, বিষয়টির সঙ্গে রাজনৈতিক বিরোধ জড়িয়ে রয়েছে। রাজ্যের বক্তব্য শোনার পর বিচারপতি জয়মাল্য বাগচী পর্যবেক্ষণ করেন, সাংসদ তহবিল কোনও ব্যক্তিগত অধিকার নয়। এই অর্থের মাধ্যমে যে উন্নয়নমূলক প্রকল্পগুলি বাস্তবায়িত হওয়ার কথা, সেগুলির উপভোক্তাদের স্বার্থই আদালতের কাছে গুরুত্বপূর্ণ।

Related Articles