মহাকাশ থেকে সেমিকন্ডাক্টর! সুশাসনের ২৫ বছরে ‘উই উইল ডু ইট’ স্লোগানে সুর প্রধান্মন্ত্রী
২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত রাষ্ট্রে পরিণত করাই তাঁর সরকারের প্রধান লক্ষ্য
Truth of Bengal: প্রধানমন্ত্রী হিসেবে ২৫ বছর পূর্ণ করে দেশের সামনে নতুন লক্ষ্য স্থির করলেন নরেন্দ্র মোদি। বুধবার দিল্লির ‘উন্নত ভারত সংকল্প সভা’ থেকে তিনি ঘোষণা করেন, ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত রাষ্ট্রে পরিণত করাই তাঁর সরকারের প্রধান লক্ষ্য। আত্মনির্ভর ভারত গড়ার সংকল্পও ফের জোর দিয়ে তুলে ধরেন তিনি। আত্মবিশ্বাসের সঙ্গে মোদির স্লোগান—“We will do it”, অর্থাৎ “আমরা এটা করে দেখাবই।” ভাষণে বিকশিত ভারত, মহাকাশ গবেষণা, প্রতিরক্ষা উৎপাদন, সেমিকন্ডাক্টর শিল্প থেকে শুরু করে প্রযুক্তিনির্ভর অর্থনীতি—একাধিক ক্ষেত্রের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, আগামী দুই দশকে ভারতকে বিশ্বের অন্যতম শক্তিশালী ও আত্মনির্ভর অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য নিয়েই এগোতে হবে।
নিজের দীর্ঘ রাজনৈতিক যাত্রার কথাও এদিন স্মরণ করেন মোদি। তিনি বলেন, “২০০১ সালের ৭ অক্টোবর যখন গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলাম, তখন কখনও ভাবিনি একদিন দেশের প্রধানমন্ত্রী হব। আর টানা ২৫ বছর সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করব, সেটাও কল্পনা করিনি।” এই দীর্ঘ পথচলার কৃতিত্ব দেশের মানুষের ভালোবাসা ও আস্থাকেই দিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, “দেশবাসীর ভালোবাসা ও আশীর্বাদ ছাড়া এই যাত্রা সম্ভব ছিল না। আমি দেশের মানুষের কাছে কৃতজ্ঞ।”
নিজের রাজনৈতিক জীবনের জয়-পরাজয়ের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন মোদি। তিনি বলেন, “যাঁরা আমাকে জিতিয়েছেন, তাঁরা বিনয়ী হতে শিখিয়েছেন। যাঁরা হারিয়েছেন, তাঁরা আবার উঠে দাঁড়াতে শিখিয়েছেন। শুভাকাঙ্ক্ষীরা উৎসাহ দিয়েছেন, আর সমালোচকেরা আত্মসমালোচনার সুযোগ করে দিয়েছেন।” প্রধানমন্ত্রীর বক্তব্য, জীবনের কোনও অভিজ্ঞতাই তাঁর কাছে বৃথা যায়নি। প্রতিটি সংকট তাঁকে ধৈর্য শিখিয়েছে, প্রতিটি সাফল্য দায়িত্ব আরও বাড়িয়েছে। আর সেই অভিজ্ঞতাই তাঁকে আরও বড় লক্ষ্য স্থির করার সাহস দিয়েছে।






