দেশ

Rice Producer: চিনের একচ্ছত্র আধিপত্য শেষ! চাল উৎপাদনে বিশ্বসেরার শিরোপা জিতল ভারত

পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে বিশ্বের মোট চাল উৎপাদনের ২৮ শতাংশই আসছে ভারতের মাটি থেকে।

Truth of Bengal: বিশ্বের খাদ্য মানচিত্রে এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করল ভারত। দীর্ঘদিনের আধিপত্য চুরমার করে চিনকে টপকে এই প্রথম বিশ্বের শীর্ষতম চাল উৎপাদনকারী দেশের শিরোপা দখল করল নয়া দিল্লি। আমেরিকার কৃষি বিষয়ক গবেষণা সংস্থা ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার বা ইউএসডিএ-র ২০২৫ সালের ডিসেম্বর মাসের রিপোর্টে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে বিশ্বের মোট চাল উৎপাদনের ২৮ শতাংশই আসছে ভারতের মাটি থেকে।

ইউএসডিএ-র রিপোর্টে জানানো হয়েছে, ভারতের চাল উৎপাদন বর্তমানে ১৫২ মিলিয়ন মেট্রিক টনে পৌঁছেছে, যেখানে চিনের উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ১৪৬ মিলিয়ন মেট্রিক টন। চাল উৎপাদনে চিনের একচ্ছত্র আধিপত্যের যে ধারণা দীর্ঘকাল ধরে চলে আসছিল, ভারতের এই সাফল্য তা ভেঙে দিল। ভারত বরাবরই চালের বৈচিত্র্যের জন্য সমাদৃত। বিশ্বে যে ১২৩,০০০ প্রজাতির চাল পাওয়া যায়, তার মধ্যে প্রায় ৬০ হাজার প্রজাতিই চাষ হয় ভারতে। তবে উৎপাদনের পরিমাণে চিনকে ছাড়িয়ে যাওয়ার এই ঘটনা এর আগে কখনও ঘটেনি। ভারতের এই বিশ্বজয়ে আন্তর্জাতিক কৃষি বিশেষজ্ঞ মহলেও শোরগোল পড়ে গিয়েছে। ইন্টারন্যাশনাল রাইস ইনস্টিটিউটের দক্ষিণ এশিয়া আঞ্চলিক কেন্দ্রের পরিচালক ড. সুধাংশু সিং এই অর্জনকে ভারতের জন্য এক বিশাল সাফল্য হিসেবে চিহ্নিত করেছেন। তিনি জানিয়েছেন, ভারত বর্তমানে বিশ্বের ১৭২টি দেশে চাল রপ্তানি করে থাকে। বাণিজ্যিক স্বার্থ ছাপিয়ে চাল এখন ভারতের বিদেশনীতির অন্যতম প্রধান হাতিয়ার হয়ে উঠছে। ২০২৪-২৫ অর্থবর্ষে ভারত বিশ্বজুড়ে রেকর্ড ৪৫০,৮৪০ কোটি টাকার কৃষিপণ্য রপ্তানি করেছে, যার মধ্যে সিংহভাগই অর্থাৎ প্রায় ২৪ শতাংশই হলো চাল।

বছরের শেষ লগ্নে আসা অর্থনৈতিক তথ্য বলছে, কেবল বাসমতি এবং অন্যান্য উন্নতমানের চাল রপ্তানি করেই গত এক বছরে ভারতের রাজকোষে ১০৫,৭২০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা যুক্ত হয়েছে। এই অভাবনীয় উৎপাদন ও রপ্তানি বৃদ্ধির হার প্রমাণ করছে যে ভারত কেবল নিজের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছে না, বরং বিশ্বের প্রধান খাদ্য সরবরাহকারী দেশ হিসেবেও নিজের অবস্থান সুসংহত করছে।