দেশ

লোকসভায় শক্তি ক্ষয় হতেই আসন বদল! প্রথম সারি থেকে দ্বিতীয় সারিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়

 সোমবার থেকে শুরু হচ্ছে লোকসভার বাদল অধিবেশন।

Truth of Bengal: লোকসভায় রাজনৈতিক শক্তির ভারসাম্য বদলাতেই বড় ধাক্কা খেল কালীঘাট তৃণমূল। বাদল অধিবেশন শুরুর আগেই লোকসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ডিমোশন’ ঘটল। সংসদের প্রথম সারি থেকে সোজা দ্বিতীয় সারিতে সরিয়ে দেওয়া হয়েছে কালীঘাট তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। উল্টোদিকে, তাঁর জায়গায় প্রথম সারির আসন ফিরে পেলেন প্রবীণ সাংসদ তথা এনসিপিআই (NCPI) শিবিরের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। লোকসভার সচিবালয় সূত্রে এই পরিবর্তনের খবর জানা গিয়েছে।

 সোমবার থেকে শুরু হচ্ছে লোকসভার বাদল অধিবেশন। তার ঠিক আগেই একাধিক দলের অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণ পাল্টে যাওয়ায় সাংসদদের আসন পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নিয়েছেন স্পিকার ওম বিড়লা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এতদিন লোকসভায় কালীঘাট তৃণমূলের দলনেতা হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ৩৫৪ নম্বর আসনে বসতেন। সেই সামনের সারির ৩৫৪ নম্বর আসনটি এখন বরাদ্দ করা হয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নামে। উল্লেখ্য, সুদীপ বন্দ্যোপাধ্যায় এতদিন তৃণমূল থেকে পৃথক হওয়া এনসিপিআই শিবিরের নেতৃত্ব দিচ্ছেন। স্পিকারের কাছে সুদীপ দাবি জানিয়েছিলেন যেন কোনও ছোট দলকে সামনের সারিতে জায়গা না দেওয়া হয়। স্পিকার তাঁর সেই আর্জি মেনেই এই নতুন আসন বণ্টন করেছেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ই নন, সার্বিকভাবেই লোকসভায় কালীঘাট তৃণমূলের সাংসদদের বসবার স্থান পিছিয়ে দেওয়া হয়েছে। প্রবীণ আইনজীবী তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আসনও বদলে গিয়েছে। আগে তিনি ২৮১ নম্বর আসনে বসতেন, যা এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য নির্দিষ্ট করা হয়েছে। ফলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আসন আরও পিছনের সারিতে চলে গিয়েছে। অন্যদিকে, শক্তি বাড়ায় এনসিপিআই-এর সাংসদদের আসন সামনের দিকে এগিয়ে এসেছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় আগে যখন তৃণমূলের সর্বভারতীয় দলনেতা ছিলেন, তখনও তিনি প্রথম সারির এই আসনেই বসতেন। পরবর্তীতে দলের অন্দরে পরিবর্তনের পর সেই আসন অভিষেক পেয়েছিলেন, যা আবার সুদীপের ঝুলিতেই ফিরে এলো।

এদিকে অধিবেশন শুরুর আগের দিন রবিবারই দিল্লিতে নিজেদের সংসদীয় রণকৌশল স্থির করতে বৈঠকে বসেন এনসিপিআই সাংসদরা। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আয়োজিত ওই বৈঠকে দলের প্রায় ১৫ জন সাংসদ উপস্থিত ছিলেন। সূত্রের খবর, বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এনডিএ (NDA) সরকারকেই সমর্থন জোগাবে তাঁদের দল। সরকারি বিল পাস থেকে শুরু করে সংসদের যাবতীয় প্রক্রিয়ায় এনডিএ-র পাশেই থাকবে এনসিপিআই। আগামী দিনে সংসদের ভিতরে কীভাবে এই দল পরিচালিত হবে এবং সাংসদরা কী ভূমিকা নেবেন, তা নিয়েও বিশদ আলোচনা হয়েছে এই বৈঠকে।

Related Articles