দেশ

সোনার দামের বিরাট পতন, সস্তা হল রুপো

একইভাবে সোনার দামও প্রায় ৫ শতাংশ অর্থ্যাৎ ৭,১১৫ টাকা কমে প্রতি ১০ গ্রাম ১,৩৭,৩৭৭ টাকায় দাঁড়ায়।

Truth Of Bengal: মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সংঘাতের আবহে সপ্তাহের শুরুতেই বড় ধাক্কা খেল সোনা ও রুপোর বাজার। সোমবার আন্তর্জাতিক অস্থিরতার জেরে হুড়মুড়িয়ে পড়ল দুই মূল্যবান ধাতুর ফিউচার্স দর। গত কয়েক সপ্তাহ ধরে রেকর্ড উচ্চতায় থাকার পর আচমকাই এই পতন সাধারণ ক্রেতাদের মুখে হাসি ফোটালেও উদ্বেগ বাড়িয়েছে বিনিয়োগকারীদের মধ্যে। বাজার রিপোর্ট অনুযায়ী, এদিন এমসিএক্স-এ রুপোর দাম প্রায় ৬ শতাংশ অর্থ্যাৎ ১৩,৬০৬ টাকা কমে প্রতি কেজি ২,১৩,১৬৬ টাকায় নেমে আসে।

একইভাবে সোনার দামও প্রায় ৫ শতাংশ অর্থ্যাৎ ৭,১১৫ টাকা কমে প্রতি ১০ গ্রাম ১,৩৭,৩৭৭ টাকায় দাঁড়ায়। আন্তর্জাতিক বাজারেও পতনের ছবি স্পষ্ট,সিঙ্গাপুরে সোনার দাম ৩.৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৩৪৩ ডলার এবং রুপোর দাম ৩.৪ শতাংশ কমে ৬৫.৬১ ডলারে পৌঁছেছে। প্ল্যাটিনাম ও প্যালাডিয়ামের মতো অন্যান্য মূল্যবান ধাতুতেও একই প্রবণতা লক্ষ্য করা গেছে।

বিশেষজ্ঞদের মতে, এই পতনের নেপথ্যে রয়েছে একাধিক কারণ। মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পাওয়ায় বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতির আশঙ্কা বেড়েছে। এর ফলে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি সুদের হার বাড়াতে পারে—যা সোনার মতো সুদবিহীন সম্পদের জন্য নেতিবাচক। পাশাপাশি শেয়ারবাজারে ধারাবাহিক পতনের জেরে বিনিয়োগকারীরা ক্ষতি পোষাতে সোনা বিক্রি করছেন, ফলে বাজারে বিক্রির চাপ বেড়েছে। ইরান, ইজরায়েল ও আমেরিকার মধ্যে উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। হরমুজ প্রণালী ঘিরে চাপানউতোর এবং পাল্টা হুমকি বিশ্ববাজারে অনিশ্চয়তা বাড়াচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে সোনা-রুপোর দামে। দেশের বড় শহরগুলিতেও এই পতনের ছাপ স্পষ্ট। দিল্লিতে ২৪ ক্যারাট সোনার দাম প্রতি ১০ গ্রাম ১,৪০,১৭০ টাকা এবং ২২ ক্যারাট ১,২৮,৫০০ টাকা। মুম্বই ও কলকাতায় ২৪ ক্যারাট সোনা ১,৪০,০২০ টাকা ও ২২ ক্যারাট ১,২৮,৩৫০ টাকা। চেন্নাইয়ে ২৪ ক্যারাট সোনা ১,৪১,২৮০ টাকা এবং ২২ ক্যারাট ১,২৯,৫০০ টাকা। রুপোর ক্ষেত্রেও একই ছবি। দিল্লি, মুম্বই ও কলকাতায় প্রতি কেজি ২,৩০,০০০ টাকা, চেন্নাইয়ে ২,৩৫,০০০ টাকা। বিশেষজ্ঞদের অভিমত, ভূরাজনৈতিক অনিশ্চয়তা বাড়লে বাজারে অস্থিরতা বাড়বেই। ফলে সোনা-রুপোর দামেও বড় ওঠানামা অব্যাহত থাকতে পারে আগামী দিনগুলিতে।