Dehradun Floods: উত্তরাখণ্ডে ফের প্রকৃতির রোষ, মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত দেরাদুন
সহস্রধারা এলাকায় প্রবল বৃষ্টিপাতের ফলে প্রবাহিত নদী ও নালার জল এক লাফে বেড়ে গিয়ে জনবসতিতে ঢুকে পড়ে। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে দেরাদুনের বিখ্যাত তাপকেশ্বর মহাদেব মন্দির এলাকা।
Truth of Bengal: উত্তরাখণ্ডে প্রাকৃতিক দুর্যোগ যেন থামছেই না। সোমবার গভীর রাতে ফের মেঘভাঙা বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে রাজ্যের দেরাদুন জেলায়। প্রবল বৃষ্টির জেরে তামসা নদীর জলস্তর বিপজ্জনকভাবে বেড়ে গিয়ে আশেপাশের বিস্তীর্ণ এলাকায় জল ঢুকে পড়েছে। বহু ঘরবাড়ি, দোকানপাট, গাড়ি জলের তোড়ে ভেসে গিয়েছে। নিখোঁজ রয়েছেন একাধিক মানুষ। এখনও পর্যন্ত হতাহতের কোনও নিশ্চিত খবর নেই, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বিপুল। ঘটনাটি ঘটে সোমবার রাতের দিকে। সহস্রধারা এলাকায় প্রবল বৃষ্টিপাতের ফলে প্রবাহিত নদী ও নালার জল এক লাফে বেড়ে গিয়ে জনবসতিতে ঢুকে পড়ে। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে দেরাদুনের বিখ্যাত তাপকেশ্বর মহাদেব মন্দির এলাকা। মন্দিরের বাইরে থাকা বিশাল শিবমূর্তিটি নদীর তোড়ে ভেসে গেছে। মন্দিরের গর্ভগৃহে কোনও ক্ষয়ক্ষতি না হলেও আশেপাশের চত্বর সম্পূর্ণ ডুবে গিয়েছে (Dehradun Floods)।
Visuals near #Dehradun .. #cloudburst has caused the rivers to swell #Uttrakhand #News #Breakingnews pic.twitter.com/cfG2W2ke4X
— vineet singh (@drvineetsingh) September 16, 2025
আরও পড়ুনঃ Raghu Dakat: ২৬শে সেপ্টেম্বর আসছে ‘রঘু ডাকাত’, তার আগে একেবারে অন্য মেজাজে ধরা দিলেন অভিনেতা দেব
মন্দিরের প্রধান পুরোহিত আচার্য বিপিন যোশী জানান, সোমবার ভোর পাঁচটা নাগাদ নদীর জল হঠাৎ করে বাড়তে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই মন্দির চত্বর জলের নিচে চলে যায়। এখনও পর্যন্ত কারও মৃত্যুর খবর পাওয়া না গেলেও আশপাশের লোকালয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। দুর্যোগের কারণে দেরাদুন শহরের মোহানি রোড, পূরণ বস্তি, বলবীর রোড, ভগৎ সিং কলোনি ও সঞ্জয় কলোনির মতো জনবহুল এলাকাগুলি সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়েছে। প্রশাসন ইতিমধ্যেই সমস্ত স্কুল (প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত) বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। টন নদীর ওপর তৈরি একটি সেতু ভেঙে পড়ায় দেরাদুন শহরের সঙ্গে পাচ্চাদুন এলাকার সড়ক যোগাযোগ ছিন্ন হয়ে গেছে। যান চলাচল পুরোপুরি ব্যাহত। পরিস্থিতি সামাল দিতে গাড়ি ঘুরিয়ে সিমলা বাইপাস দিয়ে চালানো হচ্ছে। বন্ধ রাখা হয়েছে বিকাশ নগর হাইওয়ে (Dehradun Floods)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/
জেলার কালীগড় এলাকায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর মিলেছে। এখানে বহু দোকানপাট সম্পূর্ণ জলের নিচে চলে গিয়েছে। সাধারণ মানুষের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রবল। নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন। উদ্ধারকারী দল মঙ্গলবার সকাল থেকেই নিখোঁজদের সন্ধানে তল্লাশি অভিযান শুরু করেছে। ঘটনার পরেই মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি তাঁর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে একটি বিবৃতি দিয়ে জানান, “গভীর রাতে দেরাদুনে ভারী বৃষ্টির কারণে বহু দোকান ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ ও এসডিআরএফ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য শুরু করেছে। আমি প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি এবং সার্বিক পরিস্থিতির উপর নজর রাখছি (Dehradun Floods)।”






