দেশ

ছত্তিশগড়ে আইপিএস অফিসারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ পুলিশ আধিকারিকের স্ত্রীর

ঘটনার তদন্তের জন্য সেই রাজ্যের পুলিশের তরফ থেকে গঠন করা হয়েছে দুই সদস্যের কমিটি।

Truth Of Bengal: ছত্তিশগড়ের এক আইপিএস অফিসারের বিরুদ্ধে উঠলো যৌন নির্যাতনের অভিযোগ। সেই আধিকারিক রতনলাল ডাঙ্গির বিরুদ্ধে এমন বিস্ফোরক অভিযোগ এনেছেন ছত্তিসগড়েরই এক পুলিশ আধিকারিকের স্ত্রী। যদিও অভিযুক্ত আইপিএস অফিসারও পাল্টা ব্ল্যাকমেলের অভিযোগ এনেছেন সেই পুলিশ আধিকারিকের স্ত্রীর বিরুদ্ধে। তবে ঘটনার তদন্তের জন্য সেই রাজ্যের পুলিশের তরফ থেকে গঠন করা হয়েছে দুই সদস্যের কমিটি।

পিটিআই সূত্রে খবর, ছত্তিসগড় পুলিশের তরফ থেকে বৃহস্পতিবার জানানো হয়েছে যে চলতি মাসের ১৫ তারিখে এক সাব-ইন্সপেক্টরের স্ত্রী শারীরিক, মানসিক এবং অর্থনৈতিক হেনস্থার অভিযোগ এনেছেন রতনলাল ডাঙ্গির বিরুদ্ধে। তবে পাল্টা রতনলাল ডাঙ্গিও ব্ল্যাকমেলের অভিযোগ এনেছেন সেই মহিলার বিরুদ্ধে। তা নিয়েই দুই সদস্যের এক তদন্ত কমিটি তৈরি করা হয়েছে রাজ্য পুলিশের আইজি আনন্দ ছাবরার নেতৃত্বে। রাজ্যের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই জানিয়েছেন যে কোনও আধিকারিক, আইপিএস হোক কি আইএএস, আইনের ঊর্ধ্বে নন এবং অভিযোগ সত্য প্রমাণিত হলেই কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

জানা গিয়েছে, মহিলার অভিযোগ, স্বামীর বদলির হুমকি দিয়ে তাঁকে শারীরিক এবং মানসিক নির্যাতন করেন রতনলাল ডাঙ্গি যখন তিনি ছিলেন কোবরা জেলার পুলিশ সুপার। অন্যদিকে আইপিএস অফিসারের অভিযোগ, অভিযোগকারী মহিলা তাঁর থেকে বহুদিন ধরেই টাকা আদায় করেছেন ব্ল্যাকমেল করে। শুধু তাই নয়, তিনি এটাও দাবি করেন যে সেই মহিলার কারণে অশান্তি লেগেছে তাঁর পরিবারে, যার জেরে তিনি দিন কাটাচ্ছিলেন মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে চরম চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্যে।

Related Articles