কলকাতা

পিপিপি প্রকল্পের জন্য পরামর্শদাতা নিয়োগ! কী জানাচ্ছে অর্থ দফতর?

নির্বাচিত ক্ষেত্রগুলির মধ্যে রয়েছে, পরিবহন ও লজিস্টিকস, জ্বালানি, জল ও স্যানিটেশন, যোগাযোগ, সামাজিক ও বাণিজ্যিক পরিকাঠামো।

জয় চক্রবর্তী: অর্থ দফতর রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি প্রকল্পের জন্য ট্রানজ্যাকশন অ্যাডভাইজারদের একটি প্যানেল গঠনের উদ্দেশ্যে ‘রিকোয়েস্ট ফর প্রপোজাল’ জারি করেছে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই ট্রানজ্যাকশন অ্যাডভাইজারি পরিষেবার অন্তর্ভুক্ত থাকবে আর্থিক, অর্থনৈতিক ও আইনি বিশ্লেষণ, পরিবেশগত প্রভাব মূল্যায়ন, চুক্তি প্রস্তুতি, দরপত্র প্রক্রিয়াকরণ, প্রকৌশল নকশা ও খরচ নিরূপণ, প্রাক-সম্ভাব্যতা ও বিস্তারিত প্রকল্প প্রতিবেদন প্রস্তুতি, এবং প্রকল্পের বিডিং থেকে শুরু করে বাস্তবায়ন ও পর্যবেক্ষণ পর্যন্ত সমস্ত ধাপের পরামর্শ প্রদান।

অর্থ দফতর সূত্রে খবর, এই প্যানেলে ১০ থেকে ১২ জন পরামর্শককে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে, যাঁরা দু’বছরের জন্য এই দায়িত্বে থাকবেন। এর মাধ্যমে আগের প্যানেলের মেয়াদ শেষ হওয়ায় নতুন তালিকা তৈরি করা হচ্ছে। নির্বাচিত ক্ষেত্রগুলির মধ্যে রয়েছে, পরিবহন ও লজিস্টিকস, জ্বালানি, জল ও স্যানিটেশন, যোগাযোগ, সামাজিক ও বাণিজ্যিক পরিকাঠামো।