দেশ

ছত্তিশগড়ে আত্মসমর্পণ ১২ জন মহিলা সহ ৩৭ মাওবাদীর

দন্তেওয়াড়ার পুলিশ সুপার গৌরব রাই জানান, আত্মসমর্পণকারীদের মধ্যে ২৭ জনের বিরুদ্ধেই সরকারিভাবে পুরস্কার ঘোষণা করা হয়েছে।

Truth Of Bengal: ছত্তিশগড়ে ফের আত্মসমর্পণ করলেন মাওবাদী সদস্যরা। রবিবার সিআরপিএফ ও পুলিশের শীর্ষ কর্তাদের সামনে আত্মসমর্পণ করলেন আরও ৩৭ জন মাওবাদী। আত্মসমর্পণকারীদের মধ্যে ১২ জন মহিলা মাওবাদীও রয়েছেন। তাঁদের সবার মোট মাথার দাম ছিল প্রায় ৬৫ লক্ষ টাকা। দন্তেওয়াড়ার পুলিশ সুপার গৌরব রাই জানান, আত্মসমর্পণকারীদের মধ্যে ২৭ জনের বিরুদ্ধেই সরকারিভাবে পুরস্কার ঘোষণা করা হয়েছে।

তাদের মধ্যে রয়েছে- কুমালি ওরফে অনিতা মাণ্ডবী, গীতা ওরফে লক্ষ্মী মড়কম, রঞ্জন ওরফে সোমা মাণ্ডবী,ভীম ওরফে জাহাজ কালমু। এই চার জনের প্রত্যেকের মাথার দামই ছিল ৮ লক্ষ টাকা করে। পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, আত্মসমর্পণকারীদের ছত্তিশগড় সরকারের মাওবাদী পুনর্বাসন প্রকল্পের আওতায় পুনর্বাসন, আর্থিক সহায়তা, চাকরি এবং আইনি সুরক্ষার সুবিধা দেওয়া হবে।

আগামী বছরের ৩১ মার্চের মধ্যেই দেশকে মাওবাদী মুক্ত করার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র। এই সময়সীমা সম্প্রতি বিভিন্ন সভায় বারবার উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই লক্ষ্যে ছত্তিশগড় সহ মাওবাদীপ্রবণ রাজ্যগুলিতে ধারাবাহিক অভিযান চালাচ্ছে নিরাপত্তাবাহিনী।শীর্ষ নেতা মাদ্ভী হিডমার এনকাউন্টারে মৃত্যুর পর মাওবাদী সংগঠনের ভাঙন যে ত্বরান্বিত হয়েছে, তা স্পষ্ট।

তাঁর মৃত্যুর কয়েক দিনের মধ্যেই তিনটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে মাওবাদী নেতৃত্ব জানায় আত্মসমর্পণের জন্য সময় দিলে বহু সদস্য অস্ত্র ত্যাগ করতে প্রস্তুত। সরকারি হিসাবে গত ২০ মাসে শুধু দন্তেওয়াড়া জেলাতেই ৫০০-র বেশি মাওবাদী আত্মসমর্পণ করেছেন, যাদের মধ্যে ১৬৫ জনের মাথার দাম ঘোষণা করা ছিল। অন্যদিকে, গত ২৩ মাসে গোটা ছত্তিশগড় জুড়ে আত্মসমর্পণ করেছেন ২২০০-র বেশি মাওবাদী, যাদের অনেকেই ছিলেন শীর্ষ নেতা। রাজনৈতিক মহলের মতে,  নিরাপত্তারক্ষী বাহিনীর ধারাবাহিক অভিযান ও আত্মসমর্পণের জেরে মাওবাদীদের শক্তি উল্লেখযোগ্যভাবে কমেছে।

Related Articles