দেশ

বিজেপির কেন্দ্রীয় সংগঠনে মেগা রদবদল! সোমবারই কি আত্মপ্রকাশ করছে নীতীন নবীনের নতুন টিম?

সংসদের বাদল অধিবেশন সম্পন্ন হওয়ার পরপরই সংগঠনের এই রদবদল ঘটার ইঙ্গিত আগেই ছিল।

Truth of Bengal: সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে সোমবারই বিজেপির কেন্দ্রীয় সংগঠনে বড়সড় রদবদলের আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে। নবাগত সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনের নেতৃত্বের অধীনে নতুন পদাধিকারীদের তালিকা তৈরির যাবতীয় প্রক্রিয়া ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে বলে বিজেপি সূত্রের খবর। বেশ কিছু সপ্তাহ ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সভাপতি নীতীন নবীন এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষের মধ্যে একাধিক দফায় দীর্ঘ বৈঠক ও পর্যালোচনার পরেই এই চূড়ান্ত তালিকা তৈরি করা হয়েছে।

সংসদের বাদল অধিবেশন সম্পন্ন হওয়ার পরপরই সংগঠনের এই রদবদল ঘটার ইঙ্গিত আগেই ছিল। স্বাধীনতা দিবসের কর্মসূচি এবং তার পরদিন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর মৃত্যুবার্ষিকীর শ্রদ্ধাঞ্জলি পর্ব মিটে যাওয়ার কারণে সোমবারের দিনটিকে বিজ্ঞপ্তির জন্য বেছে নেওয়া হয়েছে। দলীয় সূত্রের খবর, কেন্দ্রীয় সংগঠনের এই পুনর্গঠন পর্ব শেষ হওয়ার পরেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল কেবল সময়ের অপেক্ষা। বিজেপির অন্দরমহলের দাবি, এবারের কেন্দ্রীয় সংগঠনে এক ঝাঁক নতুন মুখকে দায়িত্ব দেওয়া হতে পারে, যেখানে বিশেষ প্রাধান্য পাবেন তরুণ ও মহিলা নেতৃত্ব। Experienced নেতাদের অভিজ্ঞতার সাথে নবীনদের উদ্যমকে কাজে লাগিয়ে সংগঠনকে আরও শক্তিশালী ও সক্রিয় করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য।

এই সাংগঠনিক পুনর্গঠন কেবল রুটিন রদবদল নয়, বরং ২০২৯ সালের লোকসভা নির্বাচন এবং আগামী বছরের শুরুতেই একাধিক রাজ্যের গুরুত্বপূর্ণ বিধানসভা ভোটকে পাখির চোখ করেই বিজেপির এই রাজনৈতিক মাস্টারপ্ল্যান। উত্তর প্রদেশ সহ রাজ্যভিত্তিক নানা রাজনৈতিক ও সামাজিক সমীকরণকে মাথায় রেখে কেন্দ্রীয় দায়িত্বে নতুন মুখদের আনা হতে পারে। প্রচার, মিডিয়া সেল এবং সাংগঠনিক স্তরে একঝাঁক নতুন প্রতিনিধি এনে ভোটের ময়দানে দলকে আরও দ্রুত ও আক্রমণাত্মক মেজাজে তুলে ধরাই নতুন টিমের প্রধান চ্যালেঞ্জ হতে চলেছে।

Related Articles