মমতার পথেই কেজরিওয়াল! আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে করবেন সওয়াল
কেন্দ্রীয় এজেন্সির মোকাবিলায় সোমবার দিল্লি হাই কোর্টে নিজেই নিজের সওয়াল করতে চলেছেন তিনি।
Truth of Bengal: পশ্চিমবঙ্গ ও দিল্লির রাজনীতির প্রেক্ষাপট বদলে গেলেও আইনি লড়াইয়ের কৌশল যেন মিলেমিশে এক হয়ে যাচ্ছে। অতীতে এসআইআর (SIR) মামলায় সুপ্রিম কোর্টে আইনজীবীর পোশাকে সওয়াল করে জাতীয় রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই একই পথে হাঁটতে চলেছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। কেন্দ্রীয় এজেন্সির মোকাবিলায় সোমবার দিল্লি হাই কোর্টে নিজেই নিজের সওয়াল করতে চলেছেন তিনি।
আবগারি দুর্নীতি মামলায় গত ২২ জানুয়ারি দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট অরবিন্দ কেজরিওয়াল এবং মণীশ সিসোদিয়া-সহ অন্যান্য অভিযুক্তদের মুক্তি দিয়েছিল। নিম্ন আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছে সিবিআই। সোমবার বিচারপতি স্বর্ণকান্ত শর্মার বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা। আপের আইনি বিভাগ সূত্রে খবর, এই গুরুত্বপূর্ণ শুনানিতে কোনো পেশাদার আইনজীবীর ওপর নির্ভর না করে কেজরিওয়াল নিজেই নিজের বক্তব্য আদালতের সামনে তুলে ধরবেন।
উল্লেখ্য, বিচারপতি স্বর্ণকান্ত শর্মার এজলাস নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছিলেন আপ নেতৃত্ব। কেজরিওয়াল ও অন্যান্য অভিযুক্তরা আবেদন জানিয়েছিলেন যাতে এই মামলা থেকে বিচারপতি স্বর্ণকান্ত শর্মা সরে দাঁড়ান। তাঁদের অভিযোগ, বারবার জামিনের আবেদন করা সত্ত্বেও তা খারিজ করে দেওয়া হয়েছে এবং বিচারপতির আচরণ পক্ষপাতদুষ্ট। এমনকি কেন্দ্রীয় সংস্থা ইডি ও সিবিআই-এর পক্ষে দ্রুত সিদ্ধান্ত নেওয়া নিয়েও প্রশ্ন তুলেছে কেজরিওয়াল শিবির।
যদিও দিল্লির হাই কোর্টের প্রধান বিচারপতি উপাধ্যায় কেজরিওয়ালের সেই আবেদন ইতিপূর্বেই খারিজ করে দিয়েছেন। আদালতের বর্তমান রস্টার অনুযায়ী, বিচারপতি স্বর্ণকান্ত শর্মার বেঞ্চেই সিবিআই-এর আবেদনের শুনানি হবে। ফলে একদিকে বিচারপতির বিরুদ্ধে অনাস্থা এবং অন্যদিকে কেন্দ্রীয় এজেন্সির চ্যালেঞ্জ— এই দ্বিমুখী লড়াইয়ে সোমবার দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী আদালত কক্ষে কী ভাবে নিজের সওয়াল সাজান, সেদিকেই তাকিয়ে রয়েছে দেশের রাজনৈতিক মহল।






