দেশ

‘রাজপরিবারের শততম পরাজয় আসন্ন’, অসমে হ্যাটট্রিকের দাবি নরেন্দ্র মোদির

মোদির কথায়, কিছু মহল ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, কিন্তু এই আইন সব রাজ্যের স্বার্থ মাথায় রেখেই আনা হয়েছে।

Truth Of Bengal: অসমের বরপেটায় এক নির্বাচনী জনসভা থেকে বিরোধী শিবিরের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর দাবি, এবার রাজ্যের মানুষ দু’টি বড় সিদ্ধান্ত নিতে চলেছেন— একদিকে বিজেপি-এনডিএ সরকারের টানা তৃতীয়বার ক্ষমতায় ফেরা নিশ্চিত, অন্যদিকে দিল্লিতে বসে থাকা ‘রাজপরিবার’-এর শততম পরাজয়ও অসমের জনগণই নিশ্চিত করবে।

ভাষণে নারী সংরক্ষণ বিল প্রসঙ্গও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, আগামী ১৬ এপ্রিল থেকে সংসদের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে এবং দেশের নারীদের অধিকার রক্ষার লক্ষ্যে এই গুরুত্বপূর্ণ বিলটি সর্বসম্মতিক্রমে পাস করানোর জন্য সব রাজনৈতিক দলের কাছে আবেদন জানানো হয়েছে। মোদির কথায়, কিছু মহল ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, কিন্তু এই আইন সব রাজ্যের স্বার্থ মাথায় রেখেই আনা হয়েছে।

তিনি স্পষ্ট করে বলেন, উত্তর-পূর্ব বা দক্ষিণ ভারতের মতো অঞ্চলে জনসংখ্যা নিয়ন্ত্রণ তুলনামূলক সহজ হওয়ায় প্রতিনিধিত্ব কমে যাওয়ার আশঙ্কা নেই। বরং মহিলাদের জন্য অতিরিক্ত আসন তৈরি করা হচ্ছে এবং মোট আসন সংখ্যা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। বিশেষ করে অসমের মহিলাদের উদ্দেশে তিনি আবেদন জানান, এই বিল পাশ করাতে সব দলের নেতাদের ওপর চাপ সৃষ্টি করতে হবে।

সমাবেশে কংগ্রেসকেও একহাত নেন মোদি। তাঁর অভিযোগ, কংগ্রেস কখনও দীর্ঘমেয়াদি উন্নয়নের কথা ভাবে না, বরং স্বল্পমেয়াদি রাজনীতির মাধ্যমে দুর্নীতিকে প্রশ্রয় দেয়। বিপরীতে বিজেপি দীর্ঘমেয়াদি লক্ষ্য নিয়ে দেশের উন্নয়নে কাজ করছে বলেও দাবি করেন তিনি।

গত এক দশকে অসমে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আগামী দিনে রাজ্যের উন্নয়ন ও সমৃদ্ধি আরও বাড়বে। বিজেপির প্রতিষ্ঠা দিবসে দলীয় কর্মীদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘দেশ প্রথম’ নীতিকে সামনে রেখেই দল এগিয়ে চলেছে আত্মনির্ভর ভারতের লক্ষ্যে। বরপেটার সভায় বিপুল জনসমাগমের কথাও উল্লেখ করে মোদি বলেন, মানুষের উপস্থিতি যেন এক নতুন রেকর্ড গড়েছে।

 

Related Articles