Andhra Pradesh: অন্ধ্রপ্রদেশে দ্বিতীয় দিনেও বিরাট সাফল্য! জঙ্গলে এনকাউন্টারে নিহত আরও ৭ মাওবাদী
বুধবার সকালেই অন্ধ্রপ্রদেশের অলুরি সীতারামা রাজু জেলার মারেদুমিল্লি জঙ্গলে নিরাপত্তাবাহিনী ও মাওবাদীদের মধ্যে তীব্র গুলিবিনিময় শুরু হয়।
Truth of Bengal: মাওবাদী দমন অভিযানে টানা দ্বিতীয় দিন বড় সাফল্য পেল অন্ধ্রপ্রদেশের নিরাপত্তাবাহিনী। শীর্ষ মাওবাদী নেতা হিডমাকে নিকেশের এক দিনের মধ্যে বুধবার আরও সাত মাওবাদী নিহত হয়েছে মারেদুমিল্লির জঙ্গলে সংঘর্ষে। নিহতদের মধ্যে তিন জন মহিলা সদস্যও রয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।বুধবার সকালেই অন্ধ্রপ্রদেশের অলুরি সীতারামা রাজু জেলার মারেদুমিল্লি জঙ্গলে নিরাপত্তাবাহিনী ও মাওবাদীদের মধ্যে তীব্র গুলিবিনিময় শুরু হয়। রাজ্যের গোয়েন্দা শাখার এডিজি মহেশ চন্দ্র লাড্ডা জানান, মঙ্গলবার হিডমা-সহ ছয় মাওবাদী নিহত হওয়ার পর বাকি সদস্যদের সন্ধানে জঙ্গল ঘিরে তল্লাশি চালানো হচ্ছিল। রাতভর অনুসন্ধানের পর ভোরে মাওবাদীরা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় (Andhra Pradesh)।
পাল্টা গুলিতে সাত মাওবাদী নিহত হয়।শনাক্ত হওয়া নিহতদের মধ্যে রয়েছেন মেটুরি জোখা রাও, মাওবাদী সংগঠনে যিনি ‘টেক শঙ্কর’ নামে পরিচিত। তিনি শ্রীকাকুলামের বাসিন্দা এবং অন্ধ্র–ওডিশা সীমান্তে এরিয়া কমিটি মেম্বারের দায়িত্বে ছিলেন। অস্ত্র তৈরি, যোগাযোগব্যবস্থা ও প্রযুক্তিগত কাজে তাঁর বিশেষ দক্ষতা ছিল বলে জানায় পুলিশ। গত সোমবার মধ্যরাতে বিশেষ বাহিনী ‘গ্রে হাউন্ড’ মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং দণ্ডকারণ্য অঞ্চলে ‘জঙ্গলের ত্রাস’ নামে পরিচিত মাডভী হিডমাকে নিকেশ করে। চার ঘণ্টা চালানো সেই অভিযানে হিডমা ও তাঁর স্ত্রী রাজে ওরফে রাজাক্কা সহ মোট চার জন নিহত হয়।হিডমার বিরুদ্ধে ন্যূনতম ২৬টি বড় মাওবাদী হামলার অভিযোগ ছিল। তাঁর মাথার দাম ছিল এক কোটি টাকা। গত কয়েক দিনে অন্ধ্রপ্রদেশের এনটিআর, কৃষ্ণা, কাকিনাডা, কোনাসীমা ও এলুরুসহ বিভিন্ন জেলা মিলিয়ে মোট ৫০ জন মাওবাদীকে গ্রেফতার করেছে নিরাপত্তাবাহিনী—যা এখন পর্যন্ত সবচেয়ে বড় গ্রেফতার অভিযান (Andhra Pradesh)।
মারেদুমিল্লির জঙ্গল থেকে উদ্ধার হয়েছে বিশাল অস্ত্রভান্ডার—৪৫টি আগ্নেয়াস্ত্র, ২৭২ রাউন্ড গুলি, দু’টি ম্যাগাজিন, প্রায় ৭৫০ গ্রাম তার এবং বিস্ফোরক তৈরির বিভিন্ন উপকরণ।গোয়েন্দা সূত্রের দাবি, ছত্তিশগড় থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বহুদিন ধরেই নজর রাখা হচ্ছিল মাওবাদীদের গতিবিধির উপর। হিডমা-অভিযানের পর নতুন তথ্য সামনে আসায় বুধবারের এনকাউন্টার পরিচালনা করা হয়। গোটা জঙ্গলজুড়ে এখনও তল্লাশি অভিযান চলছে। আরও মাওবাদী, অস্ত্র বা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।দেশ থেকে ‘মাওবাদী’ শব্দটিকে মুছে দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কড়া বার্তার পর অন্ধ্রপ্রদেশে এই অভিযানকে নিরাপত্তাবাহিনীর বড় সফলতা হিসেবেই দেখা হচ্ছে (Andhra Pradesh)।






