রাজ্যের খবর

Sundarban: সুন্দরবনের জঙ্গলে একসাথে তিনটি রয়্যাল বেঙ্গল টাইগারের বিরল দর্শন, উচ্ছ্বসিত পর্যটকরা

সুন্দরবনের পীরখালি ৬ নম্বর জঙ্গলে একসাথে তিনটি রয়্যাল বেঙ্গল টাইগারের দর্শন পেয়েছেন পর্যটকরা

লোকেশ হালদার, সুন্দরবন: দক্ষিণ ২৪ পরগনা জেলার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিস্তৃত সুন্দরবন, যা বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য এবং রয়েল বেঙ্গল টাইগারের প্রাকৃতিক আবাসস্থল। এই দুর্গম জঙ্গলে পদে পদে রয়েছে বন্যপ্রাণীর আক্রমণের আশঙ্কা—ডাঙায় বাঘ এবং জলে কুমির। প্রতি বছর দেশ-বিদেশের বহু পর্যটক শুধুমাত্র এই রোমাঞ্চকর পরিবেশ এবং রয়্যাল বেঙ্গল টাইগারের এক ঝলক দেখার জন্য সুন্দরবনে ভিড় করেন।

মূলত তীব্র শীতকালে বাঘেদের দেখা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তবে এবার শীতের আগমনীর আগেই মিলল বড়সড় সুখবর। সম্প্রতি, সুন্দরবনের পীরখালি ৬ নম্বর জঙ্গলে একসাথে তিনটি রয়্যাল বেঙ্গল টাইগারের দর্শন পেয়েছেন পর্যটকরা।

জানা গিয়েছে, পর্যটকদের একটি দল লঞ্চে করে পীরখালি ৬ নম্বর জঙ্গল সংলগ্ন এলাকা দিয়ে যাচ্ছিল। সেই সময়ই এক বাঘিনী এবং তার দুই শাবককে দীর্ঘক্ষণ ধরে খেলা করতে দেখা যায়। বিরল এই দৃশ্য দেখে আনন্দিত ও উচ্ছ্বসিত হয়ে ওঠেন সকলে। প্রকৃতির এই মনোমুগ্ধকর মুহূর্তটি সুযোগ বুঝে পর্যটকরা নিজেদের ক্যামেরায় বন্দি করে নেন।

শীতের মরসুম শুরু হওয়ার আগেই রয়্যাল বেঙ্গল টাইগারের এমন অপ্রত্যাশিত ও সুন্দর দর্শন মেলায় পর্যটকরা অত্যন্ত খুশি। এই ঘটনাকে কেন্দ্র করে সুন্দরবনে পর্যটকদের আনাগোনা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

Related Articles