Raila Odinga: ভারতের মাটিতেই জীবনাবসান! কেরলে আয়ুর্বেদিক চিকিৎসা চলাকালীন প্রয়াত কেনিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী
হাসপাতাল থেকে তাঁকে চিকিৎসার পাশাপাশি নিয়মিত সকালে হাঁটার পরামর্শ দেওয়া হয়েছিল। বুধবার সকাল ৬:৩০ মিনিট নাগাদ প্রাতঃভ্রমণের সময় হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন তিনি।
Truth of Bengal: ভারতের মাটিতেই প্রয়াত হলেন কেনিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বর্ষীয়ান রাজনীতিবিদ রাইলা ওডিঙ্গা (Raila Odinga)। বুধবার সকালে কেরলের কোঠাট্টুকুলমে আয়ুর্বেদিক চিকিৎসার জন্য থাকাকালীন তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওডিঙ্গা তাঁর মেয়ে এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে এক সপ্তাহ আগে কেরলে এসেছিলেন আয়ুর্বেদিক চিকিৎসার জন্য। হাসপাতাল থেকে তাঁকে চিকিৎসার পাশাপাশি নিয়মিত সকালে হাঁটার পরামর্শ দেওয়া হয়েছিল। বুধবার সকাল ৬:৩০ মিনিট নাগাদ প্রাতঃভ্রমণের সময় হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন তিনি। দ্রুত তাঁকে শ্রীধরীয়াম আয়ুর্বেদিক চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা করার পর তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে তাঁর মরদেহ কোঠাট্টুকুলমের দেবমাতা হাসপাতালে রাখা হয়েছে। দিল্লির কেনিয়া দূতাবাস কেরল সরকার এবং হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে বলে জানা গেছে। তবে কেনিয়া সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি (Raila Odinga)।
রাইলা ওডিঙ্গা কেনিয়ার রাজনীতিতে চার দশকেরও বেশি সময় ধরে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। তিনি অরেঞ্জ ডেমোক্র্যাটিক মুভমেন্ট (ODM) দলের নেতা ছিলেন। কেনিয়ায় বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং একটি নতুন সংবিধান প্রণয়নে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও তিনি পাঁচবার প্রেসিডেন্ট নির্বাচনে লড়েছিলেন, কিন্তু কোনোবারই জয়ী হতে পারেননি। রাইলা ওডিঙ্গার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডেলে তিনি লিখেছেন, “আমার প্রিয় বন্ধু এবং কেনিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তিনি একজন গুরুত্বপূর্ণ রাষ্ট্রনায়ক এবং ভারতের প্রিয় বন্ধু ছিলেন।” মোদির এই শোকবার্তায় আন্তর্জাতিক ক্ষেত্রে ওডিঙ্গার কূটনৈতিক গুরুত্ব এবং ভারতের সঙ্গে তাঁর উষ্ণ সম্পর্কের বিষয়টি উঠে এসেছে (Raila Odinga)।






