
The Truth Of Bengal: নতুন বিমান পরিষেবা চালু হচ্ছে কলকাতা থেকে। দুটি অন্তর্দেশীয় ও দুটি আন্তর্জাতিক। এর ফলে কলকাতা থেকে আরও বিভিন্ন জায়গায় সরাসরি যাওয়ার সুবিধা পাবেন যাত্রীরা।
এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের তরফে নতুন বিমান পরিষেবা চালু করা হচ্ছে। কলকাতা থেকে একটি বিমান সরাসরি যাবে কোচিতে। আরেকটি বিমান যাবে উত্তর পূর্বের জায়গা ইম্ফলে। আগামী এপ্রিল মাস থেকেই অন্তর্দেশীয় এই বিমান পরিষেবা চালু হয়ে যাবে। অন্যদিকে আরও দুটি আন্তর্জাতিক বিমান চালু হচ্ছে কলকাতা বিমানবন্দর থেকে। কলকাতা থেকে ঢাকা ও কলকাতা থেকে কাঠমাণ্ডু রুটের বিমান চালু করতে চলেছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। মে মাসেই এই দুই পরিষেবা শুরু হয়ে যেতে পারে।
বর্তমানে কলকাতা থেকে কোচিগামী কোনও সরাসরি বিমান নেই। এখন কোচি যেতে হলে বেঙ্গালুরু হয়ে এখন কোচিতে যেতে হয়। তবে নতুন এই পরিষেবা চালু হয়ে গেলে সাধারণ মানুষের অনেক সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, কলকাতা থেকে কোচিতে বিমানটি দমদম বিমানবন্দর থেকে উড়ে যাবে সকাল ১১টা ২৫ মিনিটে। বিমানটি কোচি থেকে ফিরে আসবে দুপুর ৩টে ৫ মিনিটে। এর আগে সকাল ৭টা এয়ার ইন্ডিয়ার বিমানটি উড়ে যাবে ইম্ফলে। ইম্ফল থেকে বিমানটি ফের দমদমে ফিরে আসবে ১০টা ২০ মিনিটে। উল্লেখ্য, আগামী এপ্রিলেই কলকাতা থেকে শ্রীনগর ও কলকাতা থেকে জম্মু বিমান পরিষেবা শুরু হতে চলেছে। ইন্ডিগোর তরফে এই নতুন বিমান পরিষেবা হতে চলেছে। কলকাতা থেকে শ্রীনগরগামী বিমান পরিষেবা শুরু হবে আগামী ১০ এপ্রিল ও কলকাতা থেকে জম্মুগামী বিমান পরিষেবা চালু হবে আগামী ২১ এপ্রিল।
FREE ACCESS





