স্বাস্থ্য

নাক ডাকার সমস্যায় ভোগেন? কারোর সামনে ঘুমোতে গেলে লজ্জা পান? জানুন নিরাময়ের উপায়

Suffer from snoring problems? Shame to sleep in front of someone?

The Truth of Bengal : নাক ডাকা সত্যিই বিড়ম্বনার। এই সমস্যা শুধু নিজের জন্যই বিব্রতকর নয়, আশপাশের মানুষও বিরক্ত হয়ে পড়েন। তবে কি কারণে নাক ডাকার সমস্যা হয় জানেন কি? চলুন জেনে নেওয়া যাক।

নাক থেকে ফুসফুস পর্যন্ত যে জায়গাটা আছে, সেখানে বাতাস প্রবাহ হয়। যেকোনো কারণে যদি শ্বাসের রাস্তায় বাতাস প্রবাহ বাধাগ্রস্ত হয় তাহলেই একজন ব্যক্তির ঘুমের ভেতর নাক ডাকা শুরু হয়। বিভিন্ন কারণে নাক ডাকার সমস্যা হতে পারে। যেমন-

১. স্থূলতা, অত্যাধিক ওজন হলে অনেকে নাক ডাকেন।

২. নাকের বিভিন্ন সমস্যা যেমন- নাকের হাড় যদি কারো বাঁকা থাকে, নাকের ভেতর যদি পলিপ থাকে, নাকে মাংসের বৃদ্ধি থাকলে নাক ডাকতে পারেন।

৩. অত্যাধিক চর্বি জমার কারণে যদি মুখের ভেতর জায়গা কমে যায়।

৪. শ্বাসনালীতে বিভিন্ন ধরনের টিউমার হয়। যদি কারো সেই ধরনের টিউমার থাকে তাহলে নাক ডাকতে পারেন।

৫. জিহ্বার পেছনের অংশে যদি টিউমার থাকে তাহলেও নাক ডাকতে পারেন।

৬. কারো যদি অনেক বড় টনসিল থাকে।

৭. বাচ্চাদের ক্ষেত্রে আরেক ধরনের টনসিল আছে, তাকে বলে এডিনয়েড। সেই এডিনয়েড যদি বড় থাকে সেক্ষেত্রে বাচ্চারাও নাক ডাকতে পারে।

কিন্তু সাধারণ নাক ডাকার সমস্যার কয়েকটি সহজ সমাধান রয়েছে। দেখে নেওয়া যাক সেগুলি কী কী।

১. চিৎ হয়ে শুলে যাঁদের তীব্র নাক ডাকে, তাঁদের অনেকেরই পাশ ফিরে শুলে নাক ডাকে না। পাশ ফিরে শুলে বাতাস চলাচলের পথটি খুলে যায়। তাই শব্দ কমে যায়।

২. পরিসংখ্যান বলছে, যাঁদের ওজন স্বাভাবিকের তুলনায় বেশি, তাঁদের নাক ডাকে বেশি। তাই এই সমস্যা কমাতে ওজন কমানোর পরামর্শ দেন চিকিৎসকেরা।

৩. উঁচু বালিশে মাথা রাখলেও অনেক সময়ে নাক ডাকার সমস্যা কমে। চার ইঞ্চি মতো উঁচু বালিশ ব্যবহার করলে সুফল পাওয়া যেতে পারে।

৪. নাক ডাকা কমানোর জন্য এক ধরনের ক্লিপ পাওয়া যায়। তা নাকে আটকে নিলেও অনেক সময়ে নাক ডাকার পরিমাণ কমে।

৫. যাঁরা নিয়মিত মদ্যপান এবং ধূমপান করেন, তাঁদের নাক ডাকার সমস্যা বাড়ে। বিশেষ করে যাঁরা ঘুমের আগে এই নেশাগুলি করেন। তাই নাক ডাকা কমাতে ধূমপান এবং মদ্যপান ত্যাগ করার পরামর্শ দেন চিকিৎসকেরা।

তাহলে নাক ডাকার সমস্যা থাকবে আর বিড়ম্বনায় পড়ার কোন দরকার নেই। এই সমস্ত সহজ পদ্ধতি মানলেই আপনার নাক ডাকার সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন।