রাজ্যের খবর

আশিসের প্রয়াণে মুখ খুললেন অনুব্রত, আঙুল সোশ্যাল মিডিয়ার ‘বখাটে ছেলে’দের দিকে

রবিবারে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে এই মর্মান্তিক পরিণতির জন্য সোশ্যাল মিডিয়ার একদল ‘বখাটে ছেলে’র কুৎসিত আক্রমণকে দায়ী করেন তিনি।

Truth of Bengal: রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বীরভূমের রামপুরহাটের প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক প্রয়াণে গভীরভাবে শোকাহত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। রবিবারে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে এই মর্মান্তিক পরিণতির জন্য সোশ্যাল মিডিয়ার একদল ‘বখাটে ছেলে’র কুৎসিত আক্রমণকে দায়ী করেন তিনি। অনুব্রতবাবু ক্ষোভ প্রকাশ করে বলেন যে, আশিসবাবুকে সোশ্যাল মিডিয়ায় চরম অপমান করা হয়েছে এবং নোংরা ভাষায় আক্রমণ করা হয়েছিল। আশিস বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ভদ্র মানুষ ছিলেন এবং তিনি কখনও কারও সঙ্গে খারাপ ব্যবহার করেননি বলেই জানান অনুব্রত। এই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে ফোনে কথা হয়েছে বলে উল্লেখ করে তিনি জানান, মুখ্যমন্ত্রী এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

রবিবার সকালে নিজের বাড়ির লাগোয়া তৃণমূল কার্যালয় থেকে আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া সুইসাইড নোটে আশিসবাবু উল্লেখ করেন যে তাঁকে ‘ম্যালাইন’ বা বদনাম করা হয়েছে। সূত্রের খবর, সম্প্রতি তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের (TRDA) দুর্নীতির সঙ্গে তাঁর নাম জড়িয়ে নানা জল্পনা ও অপপ্রচার চলায় তিনি চরম মানসিক অবসাদে ভুগছিলেন। অনুব্রত জানান, এই অপমান নিয়ে আশিসবাবু আগে মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করেছিলেন এবং মুখ্যমন্ত্রী তাঁকে এফআইআর করার পরামর্শ দিয়েছিলেন। কথা প্রসঙ্গে অনুব্রত ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে জানান, সোশ্যাল মিডিয়ার পাশাপাশি দলেও একজন ‘নামকরা বখাটে’ রয়েছে, যদিও নাম প্রকাশ করতে চাননি তিনি।

আশিস বন্দ্যোপাধ্যায়ের এই অনভিপ্রেত মৃত্যুর বিচার পেতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপরই আস্থা রাখছেন অনুব্রত মণ্ডল। তিনি জানান, মুখ্যমন্ত্রী তাঁকে আশ্বস্ত করেছেন যে তিনি পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন এবং মৃত নেতার পরিবারের পাশে থাকবেন। রাজ্য সরকার ও প্রশাসনের শীর্ষ নেতৃত্ব এই বিষেয় কঠোর পদক্ষেপ নিলে তিনি আশ্বস্ত হবেন বলেই জানিয়েছেন অনুব্রত। বর্তমানে এই ঘটনার নেপথ্যে থাকা মানসিক চাপ ও অপপ্রচারের দিকগুলি খতিয়ে দেখছে পুলিশ।

Related Articles