রাজ্যের খবর

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলায় নিহত বাবা! ‘বিজেপির সঙ্গে যোগ নেই’, সাফ জানালেন মুখ্যমন্ত্রী

“এখানে দলীয় রাজনীতি নেই, এরা সবাই দুষ্কৃতী!”, গ্রেফতার ৩, বাঁকুড়া কাণ্ডে মুখ খুললেন মুখ্যমন্ত্রী!

Truth of Bengal: দিল্লির রাজীব চকে আন্দোলনের রাজপথ তখন রক্তে রাঙানো। পুলিশের টিয়ার গ্যাসের ধোঁয়া আর বেপরোয়া লাঠিচার্জের মুখে দাঁড়িয়েও পিছিয়ে যাননি বাঁকুড়ার সাহসী যুবক আবদুল হাফিজ। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকে সাড়া দিয়ে রাজধানী দিল্লিতে আয়োজিত ওই গণআন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন তিনি। দিল্লিতে নজিরবিহীন দমনপীড়নের মুখোমুখি হয়েও আন্দোলনের প্রতি তাঁর দায়বদ্ধতা কমেনি।

গ্রামের বাড়িতে ফিরেও সিজেপির আদর্শ ও পরবর্তী পদক্ষেপের সঙ্গেই যুক্ত ছিলেন হাফিজ। বর্তমানে সিজেপি সারা দেশজুড়ে সরকারি বিদ্যালয়গুলির পরিকাঠামো উন্নয়ন ও শিক্ষার পরিবেশ ফেরাতে বিশেষ আন্দোলন গড়ে তুলছে। সেই লড়াইকে সমর্থন জানিয়ে নিজের গ্রামের জরাজীর্ণ ও বেহাল স্কুলের একটি ভিডিও রেকর্ড করে দলের নেতৃত্বের কাছে পাঠান হাফিজ। কিন্তু সমাজসেবামূলক এই কাজের পরই তাঁর জীবনে নেমে আসে চরম ভয়াবহতা।

কয়েক দিন পরেই হাফিজের বাঁকুড়ার বাড়িতে একদল দুষ্কৃতী অতর্কিতে হামলা চালায়। সেই হিংসাত্মক হামলায় গুরুতর আহত হয়ে মর্মান্তিক মৃত্যু হয় হাফিজের বৃদ্ধ বাবার। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় সমগ্র এলাকায়। ঘটনার পেছনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) হাত রয়েছে বলে স্থানীয়ভাবে সোচ্চার হন অনেকে। রাজনৈতিক উদ্দেশ্যে এই নৃশংস হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠতে শুরু করে।

তবে সমস্ত অভিযোগ সম্পূর্ণ খারিজ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার নবান্নে আয়োজিত এক জরুরি সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করেন। তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করছে। মুখ্যমন্ত্রীর ভাষায়, ‘‘যে ৫ জনের বিরুদ্ধে এফআইআর হয়েছে, তাদের ৩ জন ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে। বাকিদেরও দ্রুত গ্রেফতার করা হবে। এখানে বিজেপির কোনও রাজনৈতিক ব্যাপার নেই। যারা এই ঘটনা ঘটিয়েছে, তারা সবাই দুষ্কৃতী। আইন অনুযায়ী কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।”

এই ঘটনার পর থেকে গ্রামে চাপা উত্তেজনা বজায় রয়েছে। ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে ঘটনাটির তীব্র নিন্দা জানানো হয়েছে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা হয়েছে। হাফিজের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছে বিভিন্ন মহল। অন্যদিকে, পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, বাকি অভিযুক্তদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং খুব শীঘ্রই তদন্তের সম্পূর্ণ রিপোর্ট প্রকাশ করা হবে।

Related Articles