কলকাতায় ফের এসটিএফ-এর বড় সাফল্য! আইএসআই এজেন্ট রানার ঘনিষ্ঠ সহযোগী গ্রেফতার
সম্প্রতি জঙ্গি নেটওয়ার্কের অন্যতম প্রধান এজেন্ট রানা রউফকে গ্রেফতার করে কোমর ভেঙে দেওয়া হয়েছিল।
Truth of Bengal: তিলোত্তমা কলকাতায় বসে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই (ISI)-এর জাল বিস্তার এবং বড়সড় নাশকতার উদ্দেশ্যে জঙ্গিদের স্লিপার সেল তৈরির এক মারাত্মক চক্রান্ত নস্যাৎ করে দিল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। সম্প্রতি জঙ্গি নেটওয়ার্কের অন্যতম প্রধান এজেন্ট রানা রউফকে গ্রেফতার করে কোমর ভেঙে দেওয়া হয়েছিল। এবার সেই রউফের ঘনিষ্ঠ সহযোগী বলে পরিচিত ইমরানকেও নিজেদের জালে তুলল পুলিশ। সোমবার গোপন সূত্রে খবর পেয়ে তপসিয়ার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ইমরানকে পাকড়াও করেন তদন্তকারীরা।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গ্রেফতার হওয়া রানা রউফ জাল নথিপত্র ব্যবহার করে ভারতীয় পাসপোর্ট তৈরির যে চেষ্টা চালাচ্ছিল, তাতে মূল সহযোগীর ভূমিকা পালন করছিল এই ইমরান। শুধু পাসপোর্ট বানানোই নয়, শহরে জঙ্গিদের আস্তানা তৈরি এবং আর্থিক লেনদেনের কাজেও ইমরানের যোগসূত্রের সন্ধান পেয়েছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের পর এই আন্তর্জাতিক জঙ্গি চক্রান্ত এবং কলকাতায় এর বিস্তার সম্পর্কে আরও চাঞ্চল্যকর তথ্য মিলবে বলে মনে করছেন তদন্তকারীরা।
এসটিএফ সূত্রের খবর, ইমরানের সঙ্গে আরও দু-একজন প্রভাবশালী সহযোগী জড়িত রয়েছে, যারা আপাতত গা ঢাকা দিয়ে রয়েছে। ওই বাকি সন্দেহভাজনদের দ্রুত পাকড়াও করতে শহরের একাধিক সম্ভাব্য ডেরায় জোরদার তল্লাশি অভিযান ও নজরদারি চালানো হচ্ছে। কলকাতা শহরকে কেন্দ্র করে পাক চর ও নাশকতামূলক গোষ্ঠীগুলি কতটা গভীরে শেকড় চালিয়েছিল, তা সম্পূর্ণ উদঘাটন করাই এখন রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের প্রধান লক্ষ্য।




