ডায়েটে রাখুন ফলমূল, শাকসবজি, কী হয় দেখুন, কী বলছে গবেষণা
Put fruits, vegetables in the diet, see what happens, says the research

Truth Of Bengal: দ্য আমেরিকান জার্নাল অফ মেডিসিনের সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গেছে, প্রতিদিন প্রচুর পরিমাণে ফলমূল, শাকসবজি খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। হার্টের স্বাস্থ্য ভালো থাকে আর কিডনির কার্যকারিতা বাড়ে।
আজকাল হাইপার টেনশন, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে নানান রকম উন্নত মানের ওষুধ থাকলেও দেখা গেছে ক্রমশ উচ্চ রক্তচাপঘটিত কিডনির অসুখ ও হার্টের অসুখ বাড়ছে।
ক্রনিক কিডনির অসুখে আক্রান্তদের মৃত্যুর অন্যতম কারণও হল হার্টের অসুখ। এই পরিস্থিতিতে দ্য আমেরিকান জার্নাল অফ মেডিসিনের গবেষণায় বলা হয়েছে, শাকসবজি, ফলমূল খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। ক্রনিক কিডনির অসুখ ও হার্টের অসুখ থেকে মৃত্যুর আশঙ্কা কমে। কিডনির জন্য উপকারী ফলমূল ও শাকসবজি। ৫ বছর ধরে ১৫৩ জনের ওপর গবেষণা চালানো হয়। প্রত্যেকেরই উচ্চ রক্তচাপ ও ক্রনিক কিডনির অসুখ ও হার্টের অসুখের ইতিহাস আছে।
অংশগ্রহণকারীদের ৩ দলে ভাগ করা হয়। একদলকে রোজ ২-৪ কাপ ফলমূল ও শাকসবজি খেতে বলা হয়। দ্বিতীয় দলকে রোজ ২ বার করে সোডিয়াম বাইকার্বোনেট ট্যাবলেট খেতে বলা হয়। তৃতীয় দলের সদস্যদের ওষুধ খেতে বলা হয়। দেখা যায়, শাকসবজি ও ফলমূল খাওয়ার পাশাপাশি ওষুধ খেলেই অসুখ নিয়ন্ত্রণে থাকছে।
অন্যদিকে, পৃথক আরেকটি গবেষণায় দেখা গেছে, উচ্চ রক্তচাপ বা সিস্টোলিক ব্লাড প্রেশার বেড়ে গেলে স্ট্রোকের ঝুঁকি বাড়ে। ১৮ বছরের ঊর্ধ্বে ৪০ হাজার মানুষের ওপর গবেষণা চালান মিশিগান মেডিসিনের একদল গবেষক। গবেষকরা ৩ রকমের স্ট্রোক–ইশকেমিক স্ট্রোক, মস্তিষ্কে রক্তক্ষরণ ও মস্তিষ্কে রক্ত ক্লট বা জমাট বেঁধে যাওয়ার ওপর গুরুত্ব দেন। গবেষণায় দেখা গেছে, স্বাভাবিক রক্তচাপের চেয়ে গড়ে উচ্চ রক্তচাপ ১০ এমএম এইচজি বেশি হলেই সার্বিক ভাবে স্ট্রোক ও ইশকেমিক স্ট্রোকের ঝুঁকি (২০%) ও মস্তিষ্কে রক্তক্ষরণের ঝুঁকি ৩১% বাড়ে।






