প্রযুক্তিফিচার

WhatsApp Passkey: হোয়াটসঅ্যাপে এল দারুণ সুবিধা! পাসওয়ার্ড ছাড়াই এখন চ্যাট ব্যাকআপ হবে সম্পূর্ণ সুরক্ষিত

মেটা কর্তৃপক্ষ জানিয়েছে, হোয়াটসঅ্যাপের ফিচারটি শিগগিরই ধীরে ধীরে সকলের কাছে পৌঁছে দেওয়া হবে।

Truth of Bengal: জনপ্রিয় মেসেজিং অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীদের সুবিধার জন্য মেটা কর্তৃপক্ষ হোয়াটসঅ্যাপে নয়া ফিচার চালু করেছে। নয়া ফিচারের মাধ্যমে পাসওয়ার্ড ছাড়াই চ্যাট হিস্ট্রি সুরক্ষিত ভাবে ব্যাকআপ রাখা যাবে। এই নতুন আপডেটের মাধ্যমে iOS এবং Android ব্যবহারকারীরা এখন থেকে তাঁদের চ্যাট হিস্ট্রি ব্যাকআপকে Passkey-এনক্রিপ্টেড সিস্টেমে সুরক্ষিত রাখতে পারবেন। আর পাসওয়ার্ড টাইপ করার প্রয়োজন হবে না। বদলে, ব্যবহারকারীরা তাঁদের মুখের ছাপ, আঙুলের ছাপ বা স্ক্রিন লক কোড ব্যবহার করেই ব্যাকআপ এনক্রিপ্ট করতে পারবেন।

মেটা কর্তৃপক্ষ জানিয়েছে, হোয়াটসঅ্যাপের ফিচারটি শিগগিরই ধীরে ধীরে সকলের কাছে পৌঁছে দেওয়া হবে। ২০২১ সালেই ব্যাকআপের জন্য এন্ড-টু-এন্ড এনক্রিপশন চালু করা হয়েছিল হোয়াটসঅ্যাপে, কিন্তু তখন ব্যবহারকারীদের আলাদা করে কী সংরক্ষণ করতে হত বা একটি পাসওয়ার্ড তৈরি করতে হত। এখন গোটা প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হয়ে যাবে।
এই প্রথমবার কোনো প্রাইভেট মেসেজিং অ্যাপে এমন প্রযুক্তি চালু হল। যেখানে ব্যাকআপ ফাইলও এন্ড-টু-এন্ড এনক্রিপশন দ্বারা সুরক্ষিত থাকবে এবং তা সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যাবে। পাসকি ব্যবহারের ফলে এখন ব্যবহারকারীদের আর দীর্ঘ ৬৪-অঙ্কের এনক্রিপশন কী বা পাসওয়ার্ড মনে রাখার প্রয়োজন নেই। এই পদ্ধতিটি যেমন সহজ, তেমনি যে কোনো ডিভাইসে কাজ করবে বলে দাবি মেটা কর্তৃপক্ষর।

কীভাবে ব্যবহার করবেন Passkey ফিচার
এই নতুন পাসকি ফিচার চালু করতে ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ অ্যাপে যেতে হবে, এরপর Settings → Chats → Chat Backup → End-to-End Encrypted Backup অপশনটি বেছে নিন। পাসকি ব্যবহার করে এনক্রিপশন চালু করা যাবে। ব্যবহারকারীরা তাঁদের ফিঙ্গারপ্রিন্ট, ফেস আইডি বা ফোনের স্ক্রিন লক কোড দিয়েই চ্যাট ব্যাকআপ সুরক্ষিত রাখতে পারবেন।

Related Articles