‘জনগণমন’র সমমর্যাদায় ‘বন্দে মাতরম’! লোকসভাতেও পাশ ঐতিহাসিক বিল, অবমাননায় কড়া কারাদণ্ড
বুধবার রাজ্যসভার অনুমোদনের পর বৃহস্পতিবার লোকসভাতেও বিলটি পাশ হয়েছে
Truth of Bengal: জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ (সংশোধন) বিল, ২০২৬ সংসদের দুই কক্ষেই পাশ হয়ে গেল। বুধবার রাজ্যসভার অনুমোদনের পর বৃহস্পতিবার লোকসভাতেও বিলটি পাশ হয়েছে। নতুন সংশোধনীর ফলে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’-এর সমান মর্যাদা পেতে চলেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত জাতীয় গান ‘বন্দে মাতরম’।
বিলে জাতীয় সঙ্গীত ও জাতীয় গানের অবমাননার বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। কোনও ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এই দুই জাতীয় সম্মানের অসম্মান করলে তাঁর বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়া হতে পারে। অপরাধের গুরুত্ব অনুযায়ী জরিমানার পাশাপাশি কারাদণ্ডের ব্যবস্থাও রাখা হয়েছে সংশোধনী বিলে। সরকারের দাবি, জাতীয় সঙ্গীতের মতোই ‘বন্দে মাতরম’-এর সাংবিধানিক ও সাংস্কৃতিক মর্যাদা সুরক্ষিত করাই এই আইনের প্রধান লক্ষ্য। সংসদের দুই কক্ষে পাশ হওয়ার পর এখন রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায় রয়েছে বিলটি। রাষ্ট্রপতির সম্মতি মিললেই সংশোধিত আইন কার্যকর হবে।






