Riju Biswas: রাতবিরেতে মেসেজ করে উত্যক্ত করার অভিযোগ, বিতর্কের মুখে অবস্থান স্পষ্ট করলেন ঋজু
‘বউ কথা কও’ খ্যাত এই অভিনেতার বিরুদ্ধে রাতবিরেতে মেসেজ করে উত্যক্ত করার অভিযোগ ওঠে।
Truth of Bengal: গত কয়েকদিন ধরে অভিনেতা ঋজু বিশ্বাসকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় তীব্র শোরগোল তৈরি হয়েছে। একাধিক মহিলার ব্যক্তিগত চ্যাট এবং স্ক্রিনশট প্রকাশ্যে আসার পর ‘বউ কথা কও’ খ্যাত এই অভিনেতার বিরুদ্ধে রাতবিরেতে মেসেজ করে উত্যক্ত করার অভিযোগ ওঠে। বিতর্কের সূত্রপাত হয় এক উঠতি মহিলার স্ক্রিনশট দিয়ে, যেখানে ঋজু লিখেছিলেন, “Between you look good in saree!” এরপর একের পর এক অভিযোগ এবং স্ক্রিনশট ছড়িয়ে পড়ায় ঋজুর জীবনে কার্যত সুনামির মতো আছড়ে পড়ে বিতর্ক।
এই ‘শাড়ি বিতর্কে’ একদিকে যেমন তাঁকে নিয়ে নানা ট্রোল শুরু হয়েছে, তেমনই নেটিজেনদের একাংশ তাঁর মানসিক পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন। অনেকেরই ধারণা, অভিনেতা হয়তো কোনো কারণে অবসাদগ্রস্ত, আর সেই কারণেই এমন আচরণ করছেন। তবে এই সব জল্পনা ও ট্রোলের স্রোতে এবার নিজেই ইতি টানতে মাঠে নামলেন ঋজু। তিনি ফেসবুক লাইভে এসে নিজের অবস্থান স্পষ্ট করে জানান এবং ক্ষমাও চান।
ঋজু জানিয়েছেন, এই পুরো বিষয়টি নিয়ে তিনি অত্যন্ত হতাশ ও বিরক্ত। শুধু তাঁকে নিয়েই নয়, সোশ্যাল মিডিয়ায় তাঁর মাকেও কটাক্ষের শিকার হতে হচ্ছে। মায়ের কাছ থেকে তিনি শুনেছেন যে সবাই তাঁর উপর বিরক্ত, আর সেই কারণেই তিনি লাইভে এসে নিজের বক্তব্য স্পষ্ট করছেন।
অভিনেতা বলেন, “এই ইন্ডাস্ট্রিতে আমার কিছু দাদা রয়েছেন, কিছু দিদিরাও রয়েছেন, তাঁরা সকলে আমার সঙ্গে কথা বলেছেন। তাই আমি একটা কথাই বলতে চাই—আমি কিন্তু কাউকে কোনও রকম বাজে উদ্দেশ্য নিয়ে কোনও কথা বলিনি, বা বলতে চাইনি। তাই আমার মন্তব্য যদি কারুর খারাপ লেগে থাকে, আমি তাঁদের কাছে সরি বলছি। আর এই জিনিসটাকে নোংরামির দিকে নিয়ে যাবেন না দয়া করবেন। আমার কোনও বাজে বা খারাপ উদ্দেশ্য কখনওই ছিল না। বাকিটা আপনাদের উপর। আপনারা ভালো থাকবেন।” এই মন্তব্যের মাধ্যমে অভিনেতা বিতর্ক নিয়ে তাঁর অবস্থান স্পষ্ট করলেন।






