ঝাড়খন্ডে হাড়হিম করা হত্যাকাণ্ড, ডাইনি সন্দেহে মাকে হত্যা ছেলের
যদিও বছর ৪১এর সেই হত্যাকারী পুত্রকে গ্রেফতার করা হয়েছে, তবুও এই ধরনের ঘটনাকে ঘিরে সেই রাজ্যে শুরু হয়েছে সমালোচনা ও নিন্দা।
Truth Of Bengal: এক হাড়হিম করা হত্যাকাণ্ডের সাক্ষী হলো গোটা ঝাড়খন্ড। কী সেই ঘটনা? ডাইনি সন্দেহে নিজের মাকে হত্যা করলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে দুমকাতে। এই হত্যাকাণ্ডকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সেই এলাকায়। যদিও বছর ৪১এর সেই হত্যাকারী পুত্রকে গ্রেফতার করা হয়েছে, তবুও এই ধরনের ঘটনাকে ঘিরে সেই রাজ্যে শুরু হয়েছে সমালোচনা ও নিন্দা।
জানা গিয়েছে, মৃতার নাম মুনি সোরেন। মৃত্যুর সময় তাঁর বয়স ছিল ৭০। গত মাসের ২৮ তারিখে তাঁর ছেলে ডাইনি সন্দেহে তাঁকে কোপায় তাঁর ৪১ বছর বয়সী ছেলে। দুমকার এক হাসপাতালে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন। শনিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পুলিশের তরফ থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয় তাঁর মধুবনের বাড়ি থেকে।
মুনির মৃত্যুর পর ভাইয়ের বিরুদ্ধে পুলিশের কাছে হত্যার অভিযোগ দায়ের করেন তাঁর কন্যা। পুলিশ তদন্তে নেমে জানতে পারে যে আগেও সেই ব্যক্তি হত্যার চেষ্টা করেছিল সেই মহিলাকে। পুলিশের বক্তব্য, “অভিযুক্ত মুনি সোরেনকে দায়ী করে নিজের ১৮ বছর বয়সী মেয়ের মৃত্যুর জন্য। সে নিজের অভিযোগ স্বীকার করেছে।” তদন্তকারী অফিসারের বক্তব্য, “ওই যুবক মাতাল অবস্থায় নিজের মেয়ের কথা ভাবছিলেন ২৮ অক্টোবর রাতে। তখন রাগের মাথায় বোনের বাড়ি গিয়ে সে নিজের মাকে ছুরি মেরে হত্যা করে বসে।” পুলিশের তরফ থেকে এটাও জানিয়ে দেওয়া হয়েছে যে কুসংস্কার বিরোধী একটি ক্যাম্প তৈরি করা হবে ঝাড়খণ্ডের প্রত্যন্ত গ্রামাঞ্চলে। যদিও এই জাতীয় ঘটনা এই প্রথমবার ঘটেনি। এর আগে একাধিকবার উঠে এসেছে খবরে।






