বিনোদন

বক্স অফিসে অপ্রতিরোধ্য রান ‘স্ত্রী ২’-এর, এবার ওটিটিতে ঝড় তুলতে প্রস্তুত ‘স্ত্রী ২’

Now 'Stree 2' is ready to storm the OTT.

Truth Of Bengal : বড়পর্দায় মুক্তির পর বক্স অফিসে রমরমিয়ে আয় করে শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও-এর ‘স্ত্রী ২’। বক্স অফিসে কার্যত অশ্বমেধের ঘোড়া ছুটিয়ে সর্বকালের রেকর্ড গড়ে ৫৮০ কোটি টাকার ব্যবসা করে। বক্স অফিসে দাপানোর পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেল এই ছবি। তবে ওটিটিতে দেখার জন্য রয়েছে বড়সড় একটি ট্যুইস্ট। কবে কোন ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে এই ছবি জেনে নিন।

শুক্রবার ২৭ সেপ্টেম্বরই ওটিটিতে মুক্তি পেয়েছে ‘স্ত্রী ২’। ঘরে বসেই অ্যামাজন প্রাইম ভিডিয়োতে এখন দেখতে পাবেন এই ছবি। আর সেখানেই রয়েছে এই ট্যুইস্ট। ওটিটিতে এই ছবি দেখতে গেলে আপনাকে খসাতে হবে ৩৪৯ টাকা। আর এই ছবি দেখার জন্য আপনার হাতে থাকবে মাত্র ৪৮ ঘন্টা সময়। ৩৪৯ টাকা দিয়ে ভাড়া নিয়ে আপনাকে দেখতে হবে এই ছবি এবং তাও আবার ৪৮ ঘন্টার মধ্যেই। তবে যা জানা যাচ্ছে, আগামী ১১ অক্টোবর থেকে এই ছবিটি একবার সাবস্ক্রিপশন করেই বিনামূল্যে দেখা যাবে বহুবার, যখন খুশি যেখানে খুশি। তবে আগ্রহীরা যদি এতদিন অপেক্ষা না করতে চান আগেই রেন্টালেও দেখে নিতে পারেন তাঁরা।

২০১৮ সালে রাজকুমার-শ্রদ্ধা অভিনীত ‘স্ত্রী’ ছবিটি মুক্তি পায়। বড়পর্দায় ভালোই সাড়া ফেলে ছবিটি। এরপর ২০২৪ সালে ‘স্ত্রী ২’ ছবিটি মুক্তি পায় যা প্রথম ভাগের জনপ্রিয়তাকে অনেকাংশে ছাপিয়ে যায়। অনবদ্য গল্পশৈলী ও অভিনেতা-অভিনেত্রীদের দুর্দান্ত অভিনয়, হাস্যরস সব মিলিয়ে গোটা বিশ্বেই সাড়া পেলে ছবিটি। এই প্রথম কোনও হিন্দি ছবি মাত্র ৬ সপ্তাহের মধ্যেই বক্স অফিসে ৬০০ কোটির ক্লাবে পৌঁছে যায়। প্রেক্ষাগৃহে একটানা ৪২ দিন চলার পর এই ছবি মোট ৬০৭.০৭ কোটি টাকার ব্যবসা করেছে শুধুমাত্র দেশেই। গোটা বিশ্বের নিরিখে এই ছবির উপার্জন হয়েছে ৮৫১.০৩ কোটি টাকা। সর্কালের রেকর্ড ভেঙে শাহরুখ খানের ‘জওয়ান’, সানি দেওলের ‘গদর ২’-কে ছাপিয়ে গিয়ে সবথেকে বেশি উপার্জনকারী হিন্দি ছবির খ্যাতি পায়। মূলত সিঙ্গল স্ক্রিন থিয়েটারে অনেক কম পয়সার টিকিট রেখেও এত বিপুল আয়ের মাধ্যমে এই রেকর্ড সকলকে অবাক করেছে।

Related Articles