বিনোদন

ট্রেনের কামরায় পোশাক খুলে তাণ্ডব! আরপিএফ কর্মীর উপর ব্লেড চালিয়ে গ্রেফতার বাঙালি অভিনেত্রী

স্লিপার ক্লাসের টিকিট নিয়ে এসি কোচে জোরজুলুম! সিট ছাড়তে বলতেই ভয়ংকর রূপ নিলেন অভিনেত্রী!

Truth of Bengal: মুম্বইয়ে চলন্ত ট্রেনের ভেতর সংরক্ষিত আসন নিয়ে বচসা এবং তার জেরে রেল পুলিশের (RPF) ওপর নজিরবিহীন হামলার অভিযোগে গ্রেফতার হলেন মডেল-অভিনেত্রী অন্তরা বন্দ্যোপাধ্যায়। ৩১ বছর বয়সি এই অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ, তিনি ট্রেনের সংরক্ষিত বাতানুকূল (এসি) কামরায় জোর করে উঠে পড়েন এবং পরিস্থিতি সামাল দিতে আসা আরপিএফ কর্মীদের ওপর ব্লেড হাতে চড়াও হন।

রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১২ অগস্ট একটি শুটিংয়ের কাজে সুরাতে যাচ্ছিলেন অন্তরা। তাঁর কাছে স্লিপার ক্লাসের বৈধ টিকিট থাকা সত্ত্বেও, তিনি নিয়ম ভেঙে আরাবল্লী এক্সপ্রেসের একটি সংরক্ষিত এসি কামরায় উঠে বসেন। রাত সাড়ে ৯টা থেকে ১০টা ৫০ মিনিটের মধ্যে বোরীভলী এবং দাহানু স্টেশনের মাঝামাঝি এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনার সূত্রপাত হয়। এক যাত্রী তাঁর সংরক্ষিত আসনটিতে অন্তরাকে বসে থাকতে দেখে তাঁকে উঠে যাওয়ার বিনীত অনুরোধ করেন। কিন্তু অভিনেত্রী আসন ছাড়তে সরাসরি অস্বীকার করেন। বচসা চরমে উঠলে বাধ্য হয়ে ওই যাত্রী রেল কর্তৃপক্ষ এবং আরপিএফ-এর কাছে অভিযোগ জানান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কামরায় পৌঁছান আরপিএফ-এর অ্যাসিস্ট্যান্ট সাব-ইনসপেক্টর যামিনীকান্ত মিশ্র এবং কনস্টেবল রাজেশ কুমার। অভিযোগ, পুলিশের সঙ্গে তীব্র দুর্ব্যবহার শুরু করেন অন্তরা। ধীরে ধীরে তাঁর আচরণ চরম হিংস্র হয়ে ওঠে। পুলিশি এফআইআর অনুযায়ী, একপর্যায়ে রাগের মাথায় নিজের পোশাক খুলে ফেলেন অভিনেত্রী এবং একটি রেজ়র ব্লেড বের করে আরপিএফ কর্মীদের রীতিমতো ভয় দেখাতে শুরু করেন। সেই ব্লেডের আঘাতেই এক আধিকারিক জখম হন এবং হাতাহাতির জেরে অন্তরা নিজেও আহত হন বলে খবর।

যামিনীকান্ত মিশ্রের অভিযোগ, তাঁর ইউনিফর্ম ছিঁড়ে দেওয়ার পাশাপাশি মোবাইল ফোনটিও আছড়ে ভেঙে দেন ওই অভিনেত্রী। পরিস্থিতি সম্পূর্ণ হাতের বাইরে চলে যাওয়ার উপক্রম হলে অন্য যাত্রীদের নিরাপত্তার স্বার্থে কামরার দরজা ভেতর থেকে বন্ধ করে দেওয়া হয়। তখন ট্রেন থেকে পালানোর মরিয়া চেষ্টায় জানলার কাচ ভাঙারও চেষ্টা করেন তিনি। অবশেষে দাহানু স্টেশনে ট্রেন পৌঁছালে তাঁকে নামিয়ে জিআরপি-র (GRP) হাতে তুলে দেওয়া হয়। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related Articles