বিনোদন

টলিউডে শোকের ছায়া! চলে গেলেন ‘দামু’ খ্যাত পরিচালক রাজা সেন

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রথমে কোমরে চোট পেয়ে এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন রাজা সেন।

Truth of Bengal: রবিবাসরীয় সকালে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। দীর্ঘ শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াইয়ে হেরে স্বাধীনতা দিবসের ঠিক পরদিনই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রবীণ চলচ্চিত্র নির্মাতা রাজা সেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। দক্ষিণ কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তিনি প্রয়াত হন। তাঁর আকস্মিক প্রয়াণে বাংলা সিনেমা ও দূরদর্শনের আঙিনায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটল।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রথমে কোমরে চোট পেয়ে এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন রাজা সেন। তবে পরবর্তীতে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে শুরু করে। ফুসফুসের তীব্র জটিলতা এবং হৃদরোগের পাশাপাশি কিডনির সমস্যা দেখা দিলে গত সোমবার তাঁকে স্থানান্তরিত করা হয় এসএসকেএম হাসপাতালে। সেখানে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হলেও শেষ রক্ষা হয়নি। উল্লেখ্য, প্রয়াত পরিচালকের বড় মেয়ে জার্মানি নিবাসী হওয়ায় এবং হঠাৎ এই ঘটনা ঘটায় শেষযাত্রায় তাঁর উপস্থিত থাকা সম্ভব হচ্ছে না।

১৯৯৬ সালে সাড়া জাগানো চলচ্চিত্র ‘দামু’ পরিচালনার মাধ্যমে প্রথম সারির পূর্ণদৈর্ঘ্য ছবিতে পা রেখেছিলেন রাজা সেন, যা সেরা শিশু চলচ্চিত্র হিসেবে জাতীয় পুরস্কার জয় করে। কর্মজীবনে একাধিক তথ্যচিত্র, জনপ্রিয় দূরদর্শন ধারাবাহিক ও চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি। জয়া বচ্চন ও অভিষেক বচ্চন অভিনীত ‘দেশ’ ছবির পরিচালনাও করেছিলেন তিনি। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভালবাসার গল্প’ ছিল তাঁর পরিচালিত শেষ ছবি। বাংলা চলচ্চিত্র জগৎ তাঁর এই অসামান্য অবদানকে চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।