মাথা নিচু, হাত জোড় করে জনতার কাছে ক্ষমা প্রার্থনা! দোর্দণ্ডপ্রতাপ নেতা ইমরানের হাল দেখে অবাক বাসিন্দারা
একসময় দাপটে কাঁপত এলাকা, আজ পুলিশের সামনে হাত জোড় করে ক্ষমা চাইছেন অভিষেক ঘনিষ্ঠ তৃণমূল নেতা!
Truth of Bengal: সময়ের চাকা যে কীভাবে ঘোরে, শনিবার রাতে তারই সাক্ষী থাকল দক্ষিণ ২৪ পরগনার উস্তি। একসময় যাঁর অঙ্গুলিহেলনে গোটা এলাকা কাঁপত, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় ধৃত সেই মগরাহাট পশ্চিমের যুব তৃণমূল সভাপতি ইমরান হাসান মোল্লাকে এদিন রাতে উস্তির বিভিন্ন রাস্তায় হাঁটিয়ে ঘোরাল পুলিশ। ঘটনার পুনর্নির্মাণের উদ্দেশ্যেই পুলিশ হেফাজতে থাকা এই নেতাকে নিয়ে যাওয়া হয়েছিল বলে উস্তি থানা সূত্রে জানানো হয়েছে। আর সেই সময়ই দেখা গেল এক নজিরবিহীন দৃশ্য, পুলিশের ঘেরাটোপে থাকা ইমরান কখনও হাত জোড় করে, আবার কখনও মাথা নিচু করে সাধারণ মানুষের সামনে ক্ষমা চাইছেন। দোর্দণ্ডপ্রতাপ এই নেতার এমন অবস্থা দেখে রীতিমতো হতবাক হয়ে যান স্থানীয় বাসিন্দারা।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর জেপি নাড্ডার গাড়িতে হামলার মামলায় ইমরান হাসান মোল্লাকে গ্রেফতার করে পুলিশ। ডায়মন্ড হারবার আদালতের নির্দেশে বর্তমানে তিনি ন’দিনের পুলিশ হেফাজতে রয়েছেন। রাজনৈতিক মহলে ইমরান ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর আপ্তসহায়ক সুমিত রায় এবং মগরাহাট পশ্চিমের বিধায়ক শামিম আহমেদের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।
প্রসঙ্গত, ২০২০ সালের ১০ ডিসেম্বর দক্ষিণ ২৪ পরগনার শিরাকোলে জেপি নাড্ডার কনভয়ে ভয়াবহ হামলা চালানো হয়। সে সময় কনভয়ে থাকা বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র গাড়ি লক্ষ্য করে ইট, পাথর ও কাচের বোতল ছোড়া হয় এবং গাড়ির উইন্ডশিল্ড ভেঙে যায়। ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে ডায়মন্ড হারবারে দলীয় কর্মসূচিতে যাওয়ার পথে এই হামলার ঘটনায় নতুন করে তদন্ত শুরু করেছে পুলিশ। এই মামলায় ইতিমধ্যেই ফলতার স্বঘোষিত নেতা ‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গির খান, পূর্ত কর্মাধ্যক্ষ তৌসিফ আহমেদ মোল্লা ওরফে বাচ্চু-সহ মোট সাতজন তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে। সেই তালিকাতেই যুক্ত হয়েছে ইমরানের নাম।
পুলিশ সূত্রে খবর, শুধুমাত্র নাড্ডার কনভয়ে হামলাই নয়, ধৃত ইমরান হাসানের বিরুদ্ধে ২০২১ সালের বিধানসভা ভোটের ফলাফলের দিন মগরাহাট পশ্চিম কেন্দ্রের প্রয়াত বিজেপি প্রার্থী মানস সাহার ওপর হামলা চালানোর গুরুতর অভিযোগ রয়েছে। এছাড়াও ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে সাধারণ মানুষকে ভয় দেখানো, বিজেপি কর্মীদের ওপর অত্যাচার এবং ঘরবাড়ি ভাঙচুরের মতো একাধিক মামলায় অভিযুক্ত তিনি। তাঁকে জেরা করে এই চক্রের বাকি চাঁইদের খোঁজ চালাচ্ছে পুলিশ।

