কলকাতারাজ্যের খবর

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘আখবান’-এর চোখরাঙানি, জগদ্ধাত্রী পুজোয় বৃষ্টির ভ্রূকুটি!

ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ প্রভাব পশ্চিমবঙ্গে তুলনামূলক কম পড়তে পারে।

Truth of Bengal: বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা! দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুস্পষ্ট নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী সোমবার সন্ধ্যার মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়ে রূপ নিলে ইরানের দেওয়া নাম হবে ‘আখবান’। শক্তি বাড়িয়ে এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনাও রয়েছে। প্রাথমিক উপগ্রহ চিত্রের ইঙ্গিত, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম অথবা কাঁকিনাড়া উপকূলের দিকে এগোতে পারে এই ঘূর্ণিঝড়।

ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ প্রভাব পশ্চিমবঙ্গে তুলনামূলক কম পড়তে পারে। তবে এর পরোক্ষ প্রভাবে জগদ্ধাত্রী পুজোর আনন্দে বৃষ্টির বাধা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের আবহবিদ অন্বেষা ভট্টাচার্য জানিয়েছেন, মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। বুধবার থেকে বৃষ্টি শুরু হতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির পরিমাণ এবং বজ্রপাতের প্রবণতা বাড়ার সম্ভাবনা রয়েছে।

উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা এবং হাওড়ায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টির আশঙ্কা। ১৯ ও ২০ নভেম্বর কয়েকটি জেলায় বজ্রপাতের সতর্কতাও জারি করা হয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার, কোথাও কোথাও ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।