বিনোদন

মেসির সঙ্গে ছবি ঘিরে ট্রোলের ঝড়, স্ত্রীর পাশে দাঁড়িয়ে থানায় অভিযোগ দায়ের

শনিবার সকালে একটি হোটেলে ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে লিওনেল মেসির সঙ্গে দেখা করেন শুভশ্রী।

Truth Of Bengal: লিওনেল মেসির সঙ্গে তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর কটাক্ষ ও সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বিষয়টি ঘিরে পরিস্থিতি এতটাই তীব্র আকার নেয় যে শেষ পর্যন্ত টিটাগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তাঁর স্বামী, পরিচালক রাজ চক্রবর্তী।

শনিবার সকালে একটি হোটেলে ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে লিওনেল মেসির সঙ্গে দেখা করেন শুভশ্রী। জানা গিয়েছে, ইন্ডাস্ট্রির প্রতিনিধি হিসেবেই ওই অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন। সেখানেই মেসির পাশে দাঁড়িয়ে ছবি তোলেন অভিনেত্রী। পরে যুবভারতী স্টেডিয়ামেও তাঁকে দেখা যায়।

কিন্তু সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই একাংশের তরফে শুরু হয় কটাক্ষের ঝড়। ব্যক্তিগত আক্রমণ এবং নানা ধরনের মন্তব্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিষয়টি নজরে আসতেই প্রথমে সোশ্যাল মিডিয়াতেই প্রতিবাদ জানান রাজ চক্রবর্তী। পরে প্রশাসনের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

রাজ চক্রবর্তী তাঁর পোস্টে যুবভারতী স্টেডিয়ামের বিশৃঙ্খলার ঘটনারও কড়া সমালোচনা করেন। তিনি লেখেন, যুবভারতীতে যা ঘটেছে তা অনভিপ্রেত এবং ফুটবল ও ফুটবলপ্রেমী বাঙালির প্রতি অসম্মান। এর আগেও ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচে এমন অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, এত বড় আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের ক্ষেত্রে কেন কাঠামোগত সচেতনতার ঘাটতি রয়ে গেল। পাশাপাশি তিনি স্পষ্ট করে জানান, দোষীদের শাস্তি হওয়া উচিত এবং এই ঘটনায় বাঙালির আবেগ আহত হয়েছে।