আল্লু অর্জুনের পর রামচরণ, ছবির প্রচারে এসে মৃত্যু ভক্তের
After Allu Arjun, Ram Charan, a fan died while promoting the film
Truth Of Bengal: দক্ষিণী সুপারস্টার রাম চরণ। ‘আর আর আর’ ছবির জন্যেই তিনি এখন গ্লোবাল স্টার। গোটা দেশজুড়ে তার অগুণিত ভক্ত। তবে এসবের মধ্যেই ঘটে গেল অঘটন। অল্লু অর্জুনের মতোই রাম চরণের সঙ্গেও ঘটে গেল একই ঘটনা। সামনেই আসছে রাম চরণের ছবি ‘গেম চেঞ্জার’। শনিবার ছিল ছবি প্রচারের অনুষ্ঠান। অন্ধ্রপ্রদেশের রাজামহেন্দ্রভরম শহরে আয়োজন করা হয়েছিল প্রচার অনুষ্ঠানের। সেই অনুষ্ঠানে যোগ দিতে এসে মৃত্যু হল দুই ভক্তের।
সূত্রের খবর, আরভ মণিকান্ত ও থোকাড়া চরণ নামে দুই ভক্ত বন্ধুদের সঙ্গে ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। বাড়ি ফেরার পথে তাঁদের মোটরবাইকে ধাক্কা মারে উল্টো দিক থেকে আসা একটি গাড়ি। মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন গোটা ‘গেম চেঞ্জার’ টিম।
ইতিমধ্যেই ‘গেম চেঞ্জার’ ছবির প্রযোজক দিল রাজু দুই মৃতের পরিবারের জন্য মোট ১০ লক্ষ টাকা অনুদান ঘোষণা করেছেন। সোমবার প্রযোজনা সংস্থার তরফ থেকে এই ঘোষণা করা হয়। সংবাদমাধ্যমের কাছে তিনি বলেন, “এমন খুশির মুহূর্তে এই ধরনের ঘটনা খুবই দুঃখজনক। যেভাবে সম্ভব আমি ওঁদের পরিবারের পাশে থাকব। শুরুটা করতে চাই ওদের প্রত্যেকের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে দিয়ে। পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।”
উল্লেখ্য, এক মাস আগেই অল্লু অর্জুন তার ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির প্রচারে পদপিষ্ট হয়ে মৃত মহিলার আট বছরের ছেলেও মারাত্মক জখম হয়। সেই দিন হায়দরাবাদের সন্ধ্যা প্রেক্ষাগৃহে উপস্থিত ছিলেন ছবির নায়ক অল্লু অর্জুন নিজে। তাই অভিযোগের আঙুল ওঠে তাঁর দিকে। মৃত মহিলার পরিবারকে ক্ষতিপূরণ ও জখম বালকের চিকিৎসার ভার নেওয়ার দাবি তোলা হয়। ইতিমধ্যেই জামিন পেয়েছেন অল্লু অর্জুন। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। আর এবার সেই পরিস্থিতির শিকার হলেন দক্ষিণের আরও এক সুপারস্টার।






