ভারতে যক্ষ্মা নির্মূল অভিযান একটি নিয়ন্ত্রণমূলক দৃষ্টিভঙ্গি
এই উদ্যোগের মূল লক্ষ্য হল যক্ষ্মার সংক্রমণ প্রতিরোধে রোগ শনাক্তকরণ, সুশৃঙ্খল চিকিৎসা প্রদান এবং প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবার পরিসর প্রসারিত করা।
অতুল গ্রোভার: ভারত সরকার ২০২৫ সালের মধ্যে যক্ষ্মা বা টিবি নির্মূলের করার লক্ষ্যে অগ্রসর হচ্ছে। এই লক্ষ্যে একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নির্দিষ্ট পরিকল্পনা মাফিক এগোতে চাইছে সরকার। তা বাস্তবায়িত করার লক্ষ্যে গতি আনার উদ্দেশ্যে ২০২৪ সালের ডিসেম্বরে দেশের ৩৪৭টি উচ্চ-ঝুঁকিপূর্ণ জেলাকে অন্তর্ভুক্ত করে ১০০ দিনের অভিযান শুরু করা হয়েছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হল যক্ষ্মার সংক্রমণ প্রতিরোধে রোগ শনাক্তকরণ, সুশৃঙ্খল চিকিৎসা প্রদান এবং প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবার পরিসর প্রসারিত করা। যদিও এই অভিযান রাজনৈতিক সদিচ্ছা ও কৌশলগত উদ্যোগের প্রতিফলন-এর দীর্ঘমেয়াদি সফলতা নির্ভর করছে কার্যকর নিয়ন্ত্রক সমন্বয়, বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণ ও কাঠামোগত সংস্কারের উপর।
সরকারি-বেসরকারি অংশীদারিত্ব ও পরিকাঠামো শক্তিশালীকরণ যক্ষ্মা নির্ণয় ও চিকিৎসা ব্যবস্থার অগ্রগতিতে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। উপযুক্ত নিয়ন্ত্রক নীতিমালা বেসরকারি হাসপাতাল ও রোগনির্ণয় কেন্দ্রগুলোকে একটি কাঠামোবদ্ধ ব্যবস্থার মাধ্যমে জাতীয় যক্ষ্মা নির্মূল কর্মসূচির সঙ্গে যুক্ত হতে উৎসাহিত করবে। অনুমোদন প্রক্রিয়া সহজীকরণ, আর্থিক ব্যবস্থা এবং বেসরকারি খাতের তথ্যকে জাতীয় যক্ষ্মা নজরদারি ব্যবস্থার সাথে সংযুক্ত করার তথ্য সংযোগ ও চিকিৎসা অনুগততা উন্নয়নে সহায়ক হবে। পাশাপাশি, বেসরকারি স্বাস্থ্য পরিষেবা প্রদানকারীদের স্বীকৃতি যক্ষ্মা শনাক্তকরণ ও চিকিৎসার সফলতার হার অনুযায়ী নির্ধারণ করা হলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে।
পরিকাঠামোগত উন্নয়ন এ ক্ষেত্রেও সমানভাবে অপরিহার্য। আণবিক ডায়াগনস্টিক ল্যাবরেটরি সম্প্রসারণ, মোবাইল টেস্টিং ইউনিট স্থাপন এবং টেলিমেডিসিন পরিষেবার প্রসার বিশেষত প্রত্যন্ত ও উপজাতি অঞ্চলগুলোতে যক্ষ্মা পরিষেবার অগ্রগতি বাড়াতে পারে। পাশাপাশি, সরকারের ৩,৩৩৮ কোটি টাকার আর্থিক সহায়তা বরাদ্দের মাধ্যমে পুষ্টি, যাতায়াত এবং নিরবিচ্ছিন্ন চিকিৎসা নিশ্চিত করতে প্রত্যক্ষ সুবিধা হস্তান্তর প্রকল্পগুলির পরিসর আরও সম্প্রসারিত করা উচিত।
সামাজিক প্রচার এবং কর্পোরেট সম্পৃক্ততা:
কর্পোরেট সংস্থাগুলোর অংশগ্রহণ যক্ষ্মা নির্মূল অভিযানে উল্লেখযোগ্য গতি আনতে পারে। কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা-র আওতায় যক্ষ্মা-কেন্দ্রিক স্বাস্থ্য উদ্যোগ, সচেতনতা বৃদ্ধির প্রচারাভিযান এবং পরিকাঠামোগত সহায়তা অন্তর্ভুক্ত করা হলে এর প্রভাব আরও প্রসারিত হবে। যেসব সংস্থা যক্ষ্মা নির্ণয়, চিকিৎসা ও সচল স্বাস্থ্য ইউনিটে বিনিয়োগ করে, তাদের জন্য কর প্রণোদনা চালু করা গেলে এই অংশগ্রহণ আরও উৎসাহিত হবে। তবে, যক্ষ্মা নির্মূলের পথে সামাজিক কলঙ্ক এখনও একটি বড় বাধা।
এই কলঙ্ক দূর করতে নিয়ন্ত্রক কাঠামোকে এমনভাবে শক্তিশালী করা উচিত যাতে সম্প্রদায়-ভিত্তিক সচেতনতা কর্মসূচিকে উৎসাহ দেওয়া যায় এবং কর্পোরেট ও নাগরিক সমাজকে সক্রিয়ভাবে সম্পৃক্ত করা যায়। আশা কর্মী, যাঁরা গ্রামীণ এলাকায় যক্ষ্মা শনাক্তকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, তাঁদের ন্যায্য পারিশ্রমিক এবং অধিক প্রশিক্ষণের ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন, যাতে রোগীর সহায়তা এবং পুনঃসংক্রমণ প্রতিরোধে তাঁদের ভূমিকা আরও জোরদার হয়।
যক্ষ্মার চিকিৎসা ব্যবস্থাকে সামাজিক নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে একীভূত করা:
যক্ষ্মা প্রধানত আর্থসামাজিকভাবে দুর্বল জনগোষ্ঠীকে প্রভাবিত করে, যা একে একটি সামাজিক সুরক্ষার বিষয়বস্তুতে পরিণত করে। ফলে নীতিমালাকে এমনভাবে রূপান্তরিত করা উচিত যাতে আবাসন সহায়তা, পুষ্টি কার্যক্রম ও কর্মসংস্থানের সহায়তার মতো সামাজিক সুরক্ষামূলক পরিষেবার সঙ্গে যক্ষ্মা চিকিৎসা ব্যবস্থার কার্যকর সংহতকরণ সম্ভব হয়। এইরকম একীভূত পদ্ধতি চিকিৎসা ব্যাহত হওয়ার সম্ভাবনা কমাবে এবং পুনঃসংক্রমণের ঝুঁকি হ্রাস করবে।
ভারতের এই ১০০ দিনের যক্ষ্মা অভিযানে যথেষ্ট অগ্রগতি সাধিত হয়েছে, যা লক্ষ্যপূরণের একটি সাহসী পদক্ষেপ। তবে এর দীর্ঘমেয়াদি সফলতার জন্য প্রয়োজন টেকসই নিয়ন্ত্রক তদারকি, কার্যকর সরকারি-বেসরকারি অংশীদারিত্ব এবং স্বাস্থ্য ব্যবস্থার কাঠামোগত সংস্কার। কঠোর রিপোর্টিং ব্যবস্থার পাশাপাশি কর্পোরেট অংশগ্রহণ, সামাজিক সুরক্ষার একীভূতকরণ এবং পরিকাঠামোগত অগ্রগতির একটি সমন্বিত পদ্ধতি এই উচ্চাভিলাষী লক্ষ্যের বাস্তবায়নের চাবিকাঠি হয়ে উঠতে পারে।






