বর্ষায় পাহাড়ের অপরূপ সৌন্দর্য্য উপভোগ করতে ঘুরে আসুন ঝাড়গ্রামের কাঁকড়াঝোর থেকে
Visit Kankrajhore in Jhargram to enjoy the wonderful beauty of the mountains in monsoon

Bangla Jago Desk: অফিসে কাজের চাপ, বাড়িতে এসে সংসারের দায়িত্ব, কোন দিকেই যেন শান্তি নেই জীবনে। এইভাবে প্রতিদিন কাটাতে গিয়ে যেন দীর্ঘনিশ্বাস পড়ে, কবে একটু মন খুলে আনন্দ করতে পারব বা কোথাও নিরিবিলিতে ২ দিনের জন্য ঘুরতে যাব সেটাই মন চাই। এবারের হাওয়া বদলের জন্য থাকল ঝাড়গ্রামের নতুন এক নিরবিলি ডেস্টিনেশন যার নাম কাঁকড়াঝোর।ঝাড়গ্রামের বেলপাহাড়ি মানেই প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই ডেস্টিনেশন। একদা এই গ্রামে যাওয়ার ক্ষেত্রে সকলে ভয়ে জুজু হয়ে থাকতেন। কেননা এই গ্রাম মাওবাদীদের ডেরা হিসাবে বেশি পরিচিত ছিল। তবে এখন বহু পর্যটক বছরের বিভিন্ন ঋতুতে গিয়ে এখানে ভিড় করেন। এই বেলপাহাড়িতে কোথাও রয়েছে শাল গাছের জঙ্গল তো আবার কোথাও রয়েছে রহস্যময় গুহা। রয়েছে জলাধারও।
প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে বলতে গেলে বেলপাহাড়ির নাম সবসময় ওপরে থাকবে পর্যটকদের কাছে। এই বর্ষার সময় বেলপাহাড়িকে আরও সুন্দর দেখায়। মেঘে ঢাকা আকাশের নিচে জঙ্গলের মায়াবী পরিবেশ ছেড়ে আপনার আর কোথাও যেতে ইচ্ছে করবেনা। এই বেলপাহাড়ির এক আকর্ষণীয় পর্যটন স্থল হল কাঁকড়াঝোর। আসলে যারা জঙ্গলে গিয়ে একটু হারিয়ে যেতে চান বা যারা জঙ্গলে ঘুরতে অত্যন্ত পছন্দ করেন তাদের কাছে এই কাঁকড়াঝোর স্বর্গের স্বরূপ। রাস্তার দুপাশে শাল, পিয়াল, পলাশে ঢাকা সারি সারি গাছ, আর এই জঙ্গলের বুক চিরে সরু হয়ে চলে গিয়েছে এক রাস্তা। এই রাস্তা ধরে গাড়ি করে যেতে বড়ই ভালো লাগে। এই কাঁকড়াঝোর থেকে আপনি কাছেই ভৈরব বাবার মন্দির ও ঘুরে আসতে পারেন। যদিও এই মন্দির পড়ছে ঝাড়খণ্ডের মধ্যে। এই মন্দিরের ভিতরে রয়েছে শিবলিঙ্গ। ভৈরব বাবার মন্দির থেকে চলে যেতে পারেন কাঁকড়াঝোর ড্যামে। ছোট্ট এক ঝর্ণা।
যা কাঁকড়াঝোর ড্যাম নামে পরিচিত। ঝর্ণা থেকে জল পড়ার শব্দ শুনতে পাবেন আপনি। ফেরার পথে চোখে পড়বে একটি ওয়াচ টাওয়ার। এরপর পৌঁছে যান কেতকী ঝর্নার কাছে। ঝর্ণা বললেও আসলে এটি হল বিশালবড় একটি জলাশয়। চারিদিকের সবুজে ঘেরা গাছের মাঝখানে এই লেক দেখলে মন প্রাণ একেবারে ভরে যাবে আপনার। একপাশে সবুজে ঘেরা জঙ্গল অন্যপ্রান্তে উঁচু পাহাড়। এই অপূর্ব দৃশ্য চোখে না দেখলে ভাষায় প্রকাশ করা কঠিন। এখানে হাতি ও দেখা যায় মাঝে মধ্যে, আবার গ্রামের ভিতরের দিকে একটু গেলে দেখতে পাবেন ময়ূরও। ভাবছেন কিভাবে যাবেন? যেতে গেলে আপনাকে হাওড়া থেকে ট্রেনে করে পৌঁছে যেতে হবে ঝাড়গ্রাম স্টেশন কিংবা আপনি চাইলে সড়ক পথেও যেতে পারেন। এরপর আপনাকে গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে হবে কাঁকড়াঝোর ফরেস্টে।






