নিরাপত্তা জোরদার করতে স্বর্ণ ব্যবসায়ী ও ব্যাঙ্ক কর্মীদের সাথে পুলিশ কর্তাদের বৈঠক
Police chiefs meet with gold traders and bank employees to beef up security

The Truth Of Bengal : বারুইপুর : জাহেদ মিস্ত্রী : রাজ্যের বিভিন্ন জায়গায় দিনের পর দিন বেড়েই চলেছে স্বর্ণ দোকানে চুরি ও ডাকাতির ঘটনা। সেই সঙ্গে বিভিন্ন ব্যাঙ্ক থেকে টাকা চুরির অভিযোগ দিনদিন যেন বেড়েই চলেছে। তাই তা রুখতে আজ বারুইপুর সোনার তরী কমপ্লেক্সে বারুইপুর পুলিশ জেলার বিভিন্ন স্বর্ণ ব্যবসায়ী ও বিভিন্ন ব্যাঙ্ক কর্মীদের সঙ্গে বিভিন্ন রকম সুরক্ষা ব্যবস্থা নিয়ে বিশেষ বৈঠক করলেন প্রশাসনের একাধিক আধিকারিক ও বারুইপুর পৌরসভার একাধিক ব্যক্তিত্ব।
যেভাবে বিভিন্ন জায়গায় সোনার দোকানে চুরি ও ডাকাতির একের পর এক ঘটনা ঘটছে সেগুলো যাতে কমানো যায় তার বিশেষ কিছু পন্থা বললেন বারুইপুর এসডিপিও অতীত বিশ্বাস। তিনি বলেন, “নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি খতিয়ে দেখা হবে। প্রত্যেকটা দোকানের সিসিটিভি ক্যামেরা লাগানো বাধ্যতামূলক। সিসিটিভি ক্যামেরায় ঠিকমতো রেকর্ডিং হচ্ছে কিনা সেদিকে বিশেষ নজর দিতে হবে। রেকর্ডিং স্টোরেজের জায়গা সেই দোকান ছেড়ে অন্য জায়গায় রাখতে হবে। সেইসঙ্গে এলার্ম সিস্টেম ও রাখতে হবে। সমস্ত স্বর্ণ ব্যবসায়ীদের ফোনের ইমার্জেন্সি ডায়ালে নিকটতম পুলিশ আধিকারিকদের ফোন নাম্বার সেভ করে রাখতে হবে। হেলমেট এবং মুখে মাস্ক পরে দোকানে ঢোকা নিষিদ্ধ করতে হবে।” দোকানের সামনে যে কাঁচের দরজা থাকে তাতে কোনরকম পর্দা না লাগানো ভালোই বলে জানান তিনি।
সেই সঙ্গে পুরানো সোনা কেনার ব্যাপারে অনেক বেশি সতর্ক ও সাবধানতা অবলম্বন করতে হবে দোকানদারদের। সন্দেহজনক কিছু মনে হলেই প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার কথা বলেন তিনি।






