লাইফস্টাইলস্বাস্থ্য

পদ্মে লুকিয়ে রূপ ও স্বাস্থ্যরক্ষার বীজ

Lotus Seed is good for Health

The Truth of Bengal, Mou Basu: পুজো পার্বণের সঙ্গে সঙ্গে স্বাস্থ্য রক্ষা আর রূপচর্চাতেও জুড়ি মেলা ভার পদ্মের। পদ্মফুলের বৈজ্ঞানিক নাম হল Nelumbo  nucifera। পদ্ম শুধু ভারতেরই নয় ভিয়েতনামেরও জাতীয় ফুল। এশিয়ার বিভিন্ন দেশেই পদ্মফুলের আলাদা করে ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব আছে। সনাতন হিন্দু ধর্মের পাশাপাশি বৌদ্ধ ধর্মে পদ্মফুলকে পবিত্র বলে মানা হয়। হিন্দু ধর্মে পদ্মকে ধরা হয় সৌন্দর্য, সমৃদ্ধি আর নারীত্বের প্রতীক হিসাবে। বৌদ্ধ ধর্মে আবার শরীর, মন ও আত্মার পবিত্রতার প্রতীক হিসাবে মানা হয় পদ্মফুলকে।

রূপচর্চায় পদ্মফুল একাই একশো। পদ্মে আছে ভিটামিন বি ও সি, লিনোলেইক অ্যাসিড, ফসফরাস ও লোহা যা ত্বককে সার্বিকভাবে আর্দ্র, উজ্জ্বল, মসৃণ, নমনীয় আর কোমল করে। অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর পদ্মফুল ত্বকের প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে কাজ করে। আর্দ্রতা ফিরিয়ে এনে ত্বককে ভেতর থেকে ময়েশ্চারাইজ করে। ত্বক টানটান করে, ঔজ্জ্বল্য ফিরিয়ে আনে। ফাইন লাইনস, ব্রাউন স্পট আর রিংকলস দূর করে। তৈলাক্ত ত্বকে ব্রণর সমস্যা কমে পদ্মফুলের পাপড়ি বেটে লাগালে। ত্বকে জীবাণু সংক্রমণ হলে, দাদ, হাজার সমস্যা থাকলে পদ্মফুলের ডাল ওষুধ হিসাবে ব্যবহার করা হয়। ত্বকের ফোলাভাব কমাতে পদ্মপাতা বেটে লাগালে আরাম পাওয়া যায়।

চুলের স্বাস্থ্য রক্ষাতেও পদ্মফুলের ভূমিকা অনস্বীকার্য। পদ্মফুল বেটে চুলের গোড়ায় লাগান। ঘণ্টা খানেক রাখার পর ধুয়ে নিন। চুলের গোড়া শক্ত হবে। পদ্মফুল থেকে যে এসেন্সিয়াল অয়েল পাওয়া যায় তা চুলের পক্ষে খুবই কার্যকরী। নিয়মিত ব্যবহার করলে চুল ঘন ও কালো হয়। পদ্মের মূলে আছে প্রচুর পরিমাণে লোহা ও তামা, যা রক্তে লোহিত কণিকার পরিমাণ বাড়িয়ে রক্তাল্পতা ঠেকায়। শরীরে রক্ত সঞ্চালন ঠিক রাখতে সাহায্য করে পদ্মফুল। এনার্জি লেভেল বাড়ানোর পাশাপাশি শরীরের অঙ্গপ্রত্যঙ্গের কার্যক্ষমতাও বাড়াতে পারে পদ্মের মূল। পদ্মের মূলে আছে প্রচুর ক্যালসিয়াম যা রক্তনালিকে রিল্যাক্স রাখে। একাধিক ভিটামিন, খনিজ পদার্থ আর পুষ্টিতে ভরপুর পদ্মের মূল ক্লান্তিভাব কমাতে, হৃদরোগের সমস্যা, উচ্চ রক্তচাপ কমাতে সক্ষম পদ্মফুলের মূল।

পদ্মের বীজ যা মাখনা বলে পরিচিত, তাতে আছে কম পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট, সোডিয়াম আর কোলেস্টেরল। প্রচুর ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, থায়ামিন আর ফসফরাস আছে। পদ্মে থাকা পাইরিডক্সিন নামে বি-কমপ্লেকস ভিটামিন আমাদের মানসিক স্বাস্থ্যর জন্য খুব দরকারি। এই ভিটামিন রক্তে হোমোসিস্টিনের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। এরসঙ্গে সরাসরি হৃদরোগে আক্রান্ত হওয়ার যোগ আছে। পদ্মের মূলে আছে প্রচুর ডায়েটারি ফাইবার যা কোষ্ঠকাঠিন্যর সমস্যা দূর করে। পদ্মের মূলে আছে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি যা শরীর থেকে ফ্রি র্যাডিক্যালস দূর করে ক্যানসার আর হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমায়। প্রচুর ভিটামিন এ থাকায় পদ্মের মূল ত্বক আর চুলের পাশাপাশি চোখের স্বাস্থ্যর জন্যই খুবই সহায়ক পদ্মের মূল। মাখনা গুঁড়ো, মধুর সঙ্গে মিশিয়ে খেলে কাশি দূর হয়। চিনে মাখনা গুঁড়ো ডায়েরিয়া সারাতে পথ্য হিসাবে ব্যবহার করা হয়। গবেষণায় পাওয়া গেছে পদ্মের বীজে আছে নেফেরিন নামে একটি অর্গানিক পদার্থ যা ফুসফুসের ক্যানসার সৃষ্টিকারী কোষকে ধ্বংস করে। পদ্মের ডাল কসমেটিক্স হিসাবে ব্যবহার করা হয়। পদ্মের পাপড়ি মিশ্রিত গ্রিন টি শুধু ফ্যাটই ঝড়ায় না তা প্রজনন সংক্রান্ত শারীরিক সমস্যাও দূর করে। প্রায় হাজার বছর ধরে চিনে পদ্মের পাতা শুকিয়ে গুঁড়ো করে ওষুধ হিসাবে ব্যবহার করা হয়।

Related Articles