অসংগঠিত শ্রমিক ও গিগ কর্মীদের সামাজিক সুরক্ষায় নতুন জাতীয় বোর্ড, ৩ বছরের জন্য কমিটি গঠন কেন্দ্রের
আগামী তিন বছরের জন্য এই বোর্ডের সদস্যদের মনোনীত করে গত ২৮ অক্টোবর বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক।
জ্যোতির্ময় দত্ত , কলকাতা: অসংগঠিত শ্রমিকদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা থেকে শুরু করে অ্যাপ-নির্ভর পরিষেবায় যুক্ত গিগ ও প্ল্যাটফর্ম কর্মীদের কল্যাণ—দুই ক্ষেত্রেই নজর দিতে নতুন করে জাতীয় সামাজিক সুরক্ষা বোর্ড গঠন করল কেন্দ্রীয় সরকার। আগামী তিন বছরের জন্য এই বোর্ডের সদস্যদের মনোনীত করে গত ২৮ অক্টোবর বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক। নতুন এই কাঠামোয় যেমন শ্রমিক সংগঠন ও নিয়োগকর্তাদের প্রতিনিধিদের জায়গা দেওয়া হয়েছে, তেমনই অন্তর্ভুক্ত হয়েছেন কেন্দ্র ও বিভিন্ন রাজ্যের প্রশাসনিক আধিকারিকরাও। এই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের শ্রম দফতরের প্রতিনিধিদের নামও।
অসংগঠিত শ্রমিক ও গিগ কর্মীদের সামাজিক সুরক্ষায় নতুন জাতীয় বোর্ড, ৩ বছরের জন্য কমিটি গঠন কেন্দ্রের https://t.co/wnUQmb59RK
— thetruthofbengal (@TruthofBengalX) November 21, 2026
২০২০ সালের সামাজিক সুরক্ষা বিধির আওতায় গঠিত এই বোর্ড অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের সামাজিক সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যালোচনা করবে। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী বোর্ডের চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট মন্ত্রকের সচিব ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। শ্রমিকদের স্বার্থ, সামাজিক সুরক্ষা প্রকল্পের বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট নীতিগত বিষয়ে বোর্ডের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে চলেছে।
অসংগঠিত শ্রমিকদের জন্য গঠিত বোর্ডে মোট ৪০টি সদস্যপদের উল্লেখ রয়েছে কেন্দ্রের বিজ্ঞপ্তিতে। শ্রমিক সংগঠন, নিয়োগকর্তা, সংসদ সদস্য এবং সরকারি প্রতিনিধিদের নিয়ে তৈরি এই কমিটিতে পশ্চিমবঙ্গের শ্রম দফতরের প্রধান সচিবকেও রাখা হয়েছে। পাশাপাশি মহারাষ্ট্র, গুজরাত, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ ও দিল্লির শ্রম দফতরের প্রতিনিধিদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। বিভিন্ন রাজ্যের প্রতিনিধিত্বের মাধ্যমে অসংগঠিত শ্রমিকদের সমস্যা ও সামাজিক সুরক্ষার বিষয়গুলি জাতীয় স্তরে তুলে ধরার সুযোগ তৈরি হবে।
তবে শুধু অসংগঠিত শ্রমিকদের নিয়েই নয়, বর্তমান কর্মসংস্থানের পরিবর্তিত চিত্র মাথায় রেখে গিগ ও প্ল্যাটফর্ম কর্মীদের জন্যও পৃথক সদস্য কাঠামো তৈরি করেছে কেন্দ্র। এই তালিকায় সুইগি, জেপটো, আরবান কোম্পানি ও র্যাপিডোর মতো সংস্থার প্রতিনিধিদের রাখা হয়েছে। অ্যাপ-নির্ভর পরিবহণ কর্মীদের সংগঠন, শ্রমিক সংগঠন, কর্মচারী রাজ্য বিমা নিগম (ইএসআইসি) এবং কর্মচারী ভবিষ্যনিধি সংগঠনের প্রতিনিধিরাও থাকবেন এই কাঠামোয়। গিগ ও প্ল্যাটফর্ম কর্মীদের কল্যাণ সংক্রান্ত বোর্ডে পশ্চিমবঙ্গের শ্রম দফতরের বিশেষ সচিবকে সদস্য করা হয়েছে।
বর্তমানে অনলাইন ডেলিভারি, অ্যাপের মাধ্যমে যাত্রী পরিবহণ, বাড়িতে বিভিন্ন পরিষেবা পৌঁছে দেওয়া কিংবা ডিজিটাল প্ল্যাটফর্ম নির্ভর কাজের সঙ্গে যুক্ত কর্মীদের সংখ্যা ক্রমশ বাড়ছে। কিন্তু এই কর্মীদের অনেকেরই প্রচলিত চাকরির মতো স্থায়ী সামাজিক সুরক্ষা, বিমা কিংবা অন্যান্য সুযোগ-সুবিধা থাকে না। সেই বাস্তবতায় গিগ ও প্ল্যাটফর্ম কর্মীদের সামাজিক সুরক্ষার আওতায় আনার বিষয়টি কেন্দ্রের কাছে বিশেষ গুরুত্ব পেয়েছে। সামাজিক সুরক্ষা বিধির ১১৪ নম্বর ধারার আওতায় তাঁদের জন্য পৃথক ব্যবস্থা ও সদস্য কাঠামো নির্ধারণ করা হয়েছে।
কেন্দ্রের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন বোর্ডের মেয়াদ বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে তিন বছর কার্যকর থাকবে। অসংগঠিত শ্রমিকদের সামাজিক সুরক্ষা এবং গিগ ও প্ল্যাটফর্ম কর্মীদের কল্যাণ—দুই ক্ষেত্রেই নির্দিষ্ট বিধান মেনে কাজ করবে এই বোর্ড। নতুন কমিটি গঠনের ফলে শ্রমিকদের সামাজিক সুরক্ষা সংক্রান্ত নীতি ও পরিকল্পনা আরও সংগঠিতভাবে এগিয়ে নিয়ে যাওয়ার পথ তৈরি হল বলে মনে করা হচ্ছে।






