কুম্ভের ছোঁয়ায় নতুন রূপে গঙ্গাসাগর, ভিড় সামলাতে এআই প্রযুক্তি ও ১৬টি নতুন জেটির পরিকল্পনা
সাগরদ্বীপে গিয়ে প্রস্তুতির খুঁটিনাটি সরেজমিনে খতিয়ে দেখেন রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল।
জ্যোতির্ময় দত্ত, কলকাতা: গঙ্গাসাগর মেলাকে ঘিরে এবার রাজ্যের লক্ষ্য শুধুই পুণ্যার্থীদের ভিড় সামলানো নয়, বরং দেশের অন্যতম আধুনিক ও আন্তর্জাতিক মানের তীর্থসমাবেশ হিসেবে গড়ে তোলা। প্রয়াগরাজের কুম্ভ মেলার ধাঁচে নিরাপত্তা, পরিবহণ, পরিকাঠামো এবং প্রযুক্তির ব্যবহারে একাধিক নতুন উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার। ২০২৭ সালের মেলাকে সামনে রেখে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। ভিড় নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার থেকে শুরু করে ফেরি চলাচলের সুবিধার্থে ১৬টি নতুন জেটি তৈরির পরিকল্পনা—সব মিলিয়ে এবারের গঙ্গাসাগর মেলায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে।
শনিবার সাগরদ্বীপে গিয়ে প্রস্তুতির খুঁটিনাটি সরেজমিনে খতিয়ে দেখেন রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল। তাঁর সঙ্গে ছিলেন প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। কপিলমুনি মন্দির সংলগ্ন এলাকা, মেলা প্রাঙ্গণ, ফেরিঘাট এবং বিভিন্ন পরিষেবা কেন্দ্র ঘুরে দেখেন তাঁরা। পানীয় জল, বিদ্যুৎ, স্বাস্থ্য পরিষেবা, শৌচাগার, অগ্নিনির্বাপণ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন মুখ্যসচিব। পুণ্যার্থীদের থাকা-খাওয়ার ব্যবস্থা এবং মেলা চত্বরের সৌন্দর্যায়ন নিয়েও প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশাসনিক সূত্রে খবর, এবার মকর সংক্রান্তির সময় বিপুল সংখ্যক পুণ্যার্থীর যাতায়াত নির্বিঘ্ন করতে পরিবহণ পরিকাঠামোয় বিশেষ জোর দেওয়া হচ্ছে। কচুবেড়িয়া এবং লট নম্বর ৮—এই দুই গুরুত্বপূর্ণ ফেরিঘাটে সাত থেকে আটটি করে নতুন জেটি তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। অর্থাৎ, সব মিলিয়ে ১৪ থেকে ১৬টি নতুন জেটি তৈরি হতে পারে। এর ফলে একসঙ্গে বেশি সংখ্যক যাত্রী ওঠানামা করতে পারবেন। ফেরি পরিষেবার উপর চাপ কমার পাশাপাশি দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার সমস্যাও অনেকটা মিটবে বলে মনে করছে প্রশাসন।
তবে এবারের প্রস্তুতির সবচেয়ে উল্লেখযোগ্য দিক হতে চলেছে প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা। মেলা প্রাঙ্গণের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে বসানো হবে এআই-চালিত নজরদারি ক্যামেরা। কোথাও অস্বাভাবিকভাবে ভিড় বাড়তে শুরু করলেই স্বয়ংক্রিয় ব্যবস্থায় সেই তথ্য পৌঁছে যাবে নিয়ন্ত্রণ কক্ষে। পরিস্থিতি পর্যালোচনা করে দ্রুত বিকল্প পথে পুণ্যার্থীদের সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে। বিশেষ করে পদপিষ্ট হওয়ার মতো দুর্ঘটনা এড়াতে এই প্রযুক্তিকে গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে রাজ্য।
এখানেই শেষ নয়। পুণ্যার্থীদের যাতায়াত ও থাকার সুবিধা বাড়াতেও একাধিক পরিকল্পনা রয়েছে। গঙ্গাসাগরে হেলিকপ্টার পরিষেবা চালুর ভাবনা নেওয়া হয়েছে। পাশাপাশি আধুনিক তীর্থনিবাস নির্মাণ এবং কপিলমুনি মন্দির থেকে সাগর সৈকত পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় বিশেষ আলোকসজ্জার পরিকল্পনাও রয়েছে। মেলা চত্বরকে আরও পরিচ্ছন্ন, সুসজ্জিত ও পর্যটকবান্ধব করে তোলার দিকেও নজর দেওয়া হচ্ছে।
অন্যদিকে, রাজ্যের পরিবহণ ব্যবস্থাতেও নতুন সংযোজনের পরিকল্পনা রয়েছে। পরিবহণমন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন, রাজ্য সরকার ৪০টি নতুন ভলভো বাস আনছে। পুরী-সহ একাধিক ধর্মীয় ও পর্যটনকেন্দ্রের সঙ্গে যোগাযোগ আরও সহজ করতে এই বাসগুলি চালানোর পরিকল্পনা করা হয়েছে। তারকেশ্বর–পুরী, পুরী–শিলিগুড়ি, তারকেশ্বর–শিলিগুড়ি এবং কলকাতা থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ গন্তব্যে বিলাসবহুল বাস পরিষেবা চালুর ভাবনা রয়েছে। বিশেষ করে বাঙালি পর্যটকদের কথা মাথায় রেখে পুরী রুটকে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারি বাস পরিষেবাগুলিকে আরও সমন্বিত করে একটি উন্নত পরিবহণ নেটওয়ার্ক গড়ে তোলাই লক্ষ্য।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, আগামী ১০ ডিসেম্বর গঙ্গাসাগর সফরে যাওয়ার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তার আগেই প্রস্তুতির অগ্রগতি যাচাই করতে মুখ্যসচিবের এই পরিদর্শন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর সফরের আগে বিভিন্ন দফতরের কাজের অগ্রগতি এবং প্রকল্প বাস্তবায়নের সময়সীমা খতিয়ে দেখছে প্রশাসন।
প্রতি বছর মকর সংক্রান্তিকে কেন্দ্র করে গঙ্গাসাগরে দেশ-বিদেশের লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। ফলে এত বড় জনসমাবেশের নিরাপত্তা ও পরিষেবা নিশ্চিত করা প্রশাসনের কাছে বরাবরই বড় চ্যালেঞ্জ। এবার সেই চ্যালেঞ্জ মোকাবিলায় কুম্ভের আদলে প্রযুক্তি, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং আধুনিক পরিকাঠামোর উপর নির্ভর করতে চাইছে রাজ্য। পরিকল্পনাগুলি নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়িত হলে ২০২৭ সালের গঙ্গাসাগর মেলা শুধু ধর্মীয় সমাবেশ নয়, দেশের অন্যতম সুপরিকল্পিত বৃহৎ তীর্থ আয়োজন হিসেবেও নতুন পরিচিতি পেতে পারে।






