কলকাতা

প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় আপডেট: যোগ্য প্রার্থীদের ওবিসি সার্টিফিকেট ও ক্যাটেগরি সংশোধনের নির্দেশ পর্ষদের

পর্ষদের নির্দেশ অনুযায়ী, ক্যাটেগরি সংশোধন এবং ওবিসি শ্রেণি ঘোষণার জন্য অনলাইন পোর্টাল চালু হয়েছে ১৪ অক্টোবর থেকে

Truth of Bengal: প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ওবিসি সার্টিফিকেট এবং ক্যাটেগরি সংক্রান্ত তথ্য সংশোধনের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই মর্মে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পর্ষদের নির্দেশ অনুযায়ী, ক্যাটেগরি সংশোধন এবং ওবিসি শ্রেণি ঘোষণার জন্য অনলাইন পোর্টাল চালু হয়েছে ১৪ অক্টোবর থেকে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত প্রার্থীরা তাঁদের প্রয়োজনীয় তথ্য সংশোধন করার সুযোগ পাবেন। পর্ষদের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যাঁরা ওবিসি-এ অথবা ওবিসি-বি শ্রেণিতে আবেদন করেছিলেন, তাঁদের নতুন নির্দেশিকা মেনে নিজেদের ক্যাটেগরি সংক্রান্ত তথ্য আপডেট করতে হবে।

নতুন নিয়ম অনুযায়ী, ওবিসি তালিকাভুক্ত নির্দিষ্ট ৬৬টি সাব-ক্লাসের অন্তর্ভুক্ত প্রার্থীরাই সংরক্ষণের সুবিধা পাবেন। ফলে কোনও প্রার্থীর ওবিসি শ্রেণি সংশোধিত তালিকার অন্তর্ভুক্ত না হলে, অথবা নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য আপডেট না করা হলে, তাঁর আবেদন অসংরক্ষিত বা জেনারেল ক্যাটেগরির আওতায় বিবেচিত হবে। এদিকে, কাউন্সেলিং এবং নথি যাচাইয়ের সময় প্রার্থীদের বৈধ ও মূল ওবিসি সার্টিফিকেট দেখানো বাধ্যতামূলক বলে জানিয়েছে পর্ষদ। নির্ধারিত নথি দেখাতে ব্যর্থ হলে সংরক্ষণের সুবিধা পাওয়ার দাবি খারিজ হতে পারে। তাই আবেদনকারীদের আগেভাগেই প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ৩১ অক্টোবরের মধ্যেই সম্পূর্ণ করতে হবে ক্যাটেগরি সংশোধনের প্রক্রিয়া। নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলে অনলাইন পোর্টালে আর সংশোধনের সুযোগ পাওয়া যাবে না। এমনকি, পোর্টাল বন্ধ হওয়ার পর ক্যাটেগরি পরিবর্তন কিংবা ওবিসি শ্রেণি অন্তর্ভুক্তির জন্য নতুন করে কোনও আবেদনও গ্রহণ করা হবে না। তাই সহকারী শিক্ষক নিয়োগে সংরক্ষণের সুবিধা পেতে ইচ্ছুক যোগ্য প্রার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত তথ্য যাচাই করে সংশোধনের কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

Related Articles