রাজ্যের খবর

৫০ কেজি চাল ও ৫ হাজার নগদ! ১৯ হাজার কর্মহীন চা-শ্রমিকের জন্য পুজোর উপহার শুভেন্দুর

৪৫ হাজার সরকারি চাকরির ছাড়পত্র, চতুর্থীতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Truth of Bengal: দুর্গাপুজোর মহালগ্নে রাজ্যের উত্তরবঙ্গের বন্ধ চা-বাগানের দুস্থ শ্রমিক পরিবার এবং কর্মপ্রার্থী যুবসমাজের জন্য জোড়া উপহারের ডালি সাজিয়ে দিল শুভেন্দু সরকারের রাজ্য মন্ত্রিসভা। বুধবার নবান্নে আয়োজিত গুরুত্বপূর্ণ মন্ত্রিসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, রাজ্যের যে সমস্ত চা-বাগান দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে, সেখানকার ১৯ হাজারেরও বেশি কর্মহীন শ্রমিকের পরিবার পিছু এককালীন ৫ হাজার টাকা এবং অতিরিক্ত ৫০ কেজি করে চাল প্রদান করবে রাজ্য সরকার। একই সঙ্গে রাজ্যজুড়ে একলপ্তে ৪৫ হাজার ১৮৫টি পদে নতুন সরকারি চাকরির নিয়োগে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

নবান্ন সূত্রে খবর, ২০২৩ সালের জানুয়ারি মাস থেকে উত্তরবঙ্গের প্রায় ২১টি চা-বাগান বন্ধ হয়ে পড়ে রয়েছে। এর ফলে কাজ হারিয়ে মারাত্মক অর্থসংকটে পড়েছেন ১৯ হাজার ৫২৪ জন চা-শ্রমিক। উৎসবের আবহে তাঁদের কষ্টের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, “৬০ বছরের কম বয়সী কর্মহীন চা-শ্রমিকেরা কোনও বেতন বা বোনাস পাচ্ছেন না। তাঁদের মানবিক দিকটি বিচার করে লেবার বিভাগের মাধ্যমে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৫,০০০০ টাকা পাঠাবে রাজ্য। এ ছাড়া, তাঁদের নিয়মিত বরাদ্দ ৩৫ কেজি চালের পাশাপাশি পুজো থেকে ছটপুজো পর্যন্ত পরিবার পিছু অতিরিক্ত ৫০ কেজি চাল বিনামূল্যে দেওয়া হবে।”

অন্যদিকে, চতুর্থীর দিনেই রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সবচেয়ে বড় সুখবর শুনিয়েছে নবান্ন। অর্থদফতরের সবুজ সংকেত মেলার পর রাজ্য মন্ত্রিসভা মোট ৪৫ হাজার ১৮৫টি শূন্যপদে দ্রুত নিয়োগ শুরু করার অনুমোদন দিয়েছে।

এই মেগা নিয়োগ প্রক্রিয়ার অধীনে স্কুল শিক্ষা দফতরে সর্বাধিক ৩৩,১৯৯টি শূন্যপদ পূরণ করা হবে। পাশাপাশি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরে ৭,১১৯ জন, কারিগরি শিক্ষা দফতরে ১,৮৮৬ জন অফিসার ও ক্লার্ক এবং পুলিশে ডেপুটি কমিশনার, এসআই ও লেডি কনস্টেবল মিলিয়ে মোট ৯৪৬টি পদে নিয়োগ সম্পন্ন হবে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সরকারি সমস্ত বিধি ও নিয়মকানুন মেনে অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে খুব শীঘ্রই এই বড় মাপের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

Related Articles