কলকাতা

রাহুল-মমতাকে একযোগে নিশানা শমীকের! ‘হারলেই SIR-ইভিএমকে দোষ কেন?’

একইসঙ্গে বিরোধীদের আত্মসমীক্ষার পরামর্শ দিয়েছেন তিনি

Truth of Bengal: গুজরাটের তিনটি পুরসভা নির্বাচনে বিজেপির বড়সড় জয়ের পর বিরোধীদের বিরুদ্ধে সরব হলেন বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একযোগে নিশানা করে তাঁর প্রশ্ন, নির্বাচনে পরাজিত হলেই কেন ইভিএম ও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR)-কে দায়ী করা হয়? একইসঙ্গে বিরোধীদের আত্মসমীক্ষার পরামর্শ দিয়েছেন তিনি। আম আদমি পার্টির ফলাফল নিয়েও কটাক্ষ করেছেন শমীক। মঙ্গলবার সমাজমাধ্যমে একটি পোস্টে শমীক ভট্টাচার্য দাবি করেন, গুজরাটের নির্বাচনী ফলাফল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব এবং উন্নয়নমূলক রাজনীতির প্রতি মানুষের আস্থার প্রতিফলন।

তাঁর বক্তব্য, মানুষের বিশ্বাস অর্জন করতে হলে জনসেবা ও উন্নয়নের উপর জোর দিতে হয়। শুধুমাত্র অভিযোগের রাজনীতি করে জনসমর্থন পাওয়া সম্ভব নয়। গুজরাটের ফলাফল থেকে বিরোধীদের শিক্ষা নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, গত রবিবার গুজরাটের গান্ধীনগর পুরনিগম, বনাসকাঁঠা জেলার থারা পুরসভা এবং দেবভূমি দ্বারকা জেলার ওখা পুরসভায় ভোটগ্রহণ হয়। ফল প্রকাশের পর দেখা যায়, তিনটি স্থানীয় নির্বাচনে মোট ১০৪টি আসনের মধ্যে ৯০টিতেই জয় পেয়েছে বিজেপি। গান্ধীনগর পুরনিগমের ৪৪টি আসনের মধ্যে ৩৮টিতে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা। কংগ্রেস পেয়েছে পাঁচটি আসন এবং একটি আসনে জয়ী হয়েছেন নির্দল প্রার্থী। অন্যদিকে, থারা পুরসভার ২৪টি আসনের মধ্যে ১৯টিতে জিতেছে বিজেপি। বাকি পাঁচটি আসন গিয়েছে কংগ্রেসের দখলে। ওখা পুরসভার ৩২টি আসনের মধ্যে ২৯টিতে জয় পেয়েছে গেরুয়া শিবির। সেখানে কংগ্রেস জিতেছে তিনটি আসনে।

এই ফলাফলকে হাতিয়ার করেই বিরোধীদের আত্মসমীক্ষার বার্তা দিয়েছেন শমীক। তাঁর বক্তব্য, নির্বাচনে মানুষের সমর্থন না পাওয়ার কারণ খুঁজে বের না করে বারবার নির্বাচন প্রক্রিয়াকে কাঠগড়ায় তোলা উচিত নয়। রাহুল গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে তাঁর প্রশ্ন, পরাজয়ের পর কেন বারবার SIR এবং ইভিএম নিয়ে অভিযোগ তোলা হয়?
এদিকে, আম আদমি পার্টির ফলাফল নিয়েও সরব হয়েছেন বঙ্গ বিজেপির সভাপতি। তাঁর দাবি, গুজরাটের এই তিনটি নির্বাচনে ৩২টি আসনে প্রার্থী দিয়েছিল আপ। কিন্তু কোনও আসনেই তাদের প্রার্থীরা জামানত রক্ষা করতে পারেননি।

Related Articles