চা-প্রেমী বাঙালিদের জন্য সুখবর! বদলে যাচ্ছে চিত্তবাবুর দোকান-সহ তিলোত্তমার ৭ হেরিটেজ চায়ের দোকান
চায়ের কাপে তুফান তোলার নতুন ঠিকানা! চিত্তবাবু থেকে বলবন্ত সিং ধাবা, ৭ হেরিটেজ চায়ের দোকান সাজাবে টি বোর্ড
Truth of Bengal: রাগ, আবেগ, আড্ডা কিংবা মনখারাপ, বাঙালির জীবনের প্রতিটি মুহূর্তে এক কাপ গরম চা যেন এক অপরিহার্য সঙ্গী। আর সেই চায়ের কাপে তুফান তোলার চেনা ঠিকানাগুলির যদি আমূল ভোলবদল ঘটে, তবে কেমন হয়? তিলোত্তমা কলকাতার শতাব্দী প্রাচীন ও অত্যন্ত জনপ্রিয় বেশ কিছু ঐতিহ্যবাহী চায়ের দোকানকে নতুন করে সাজিয়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করল ভারতীয় চা পর্ষদ বা ‘টি বোর্ড’ (Tea Board of India)।
সোমবার চা নিলাম সংক্রান্ত একটি বিশেষ আলোচনাচক্রের আয়োজন করেছিল টি বোর্ড। সেখানে চা নিলাম ব্যবস্থার সংস্কার, প্রক্রিয়ার স্বচ্ছতা বৃদ্ধি এবং লাইসেন্স প্রথা সহজীকরণের পাশাপাশি একগুচ্ছ আধুনিক পরিকল্পনার কথা প্রকাশ্যে আনা হয়। চা পাতার ন্যায্য মূল্য পাওয়ার লক্ষ্যে ছোট চাষিদের আর্থিক সুরক্ষায় কারখানাগুলির সঙ্গে সরাসরি যোগাযোগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানানো হয়।
তবে এদিনের সবচেয়ে আকর্ষণীয় ঘোষণাটি ছিল শহরের ঐতিহ্যবাহী চায়ের দোকানগুলির সৌন্দর্য্যায়ন সংক্রান্ত। টি বোর্ডের তরফে প্রাথমিকভাবে কলকাতার ও আশপাশের মোট ৭টি ঐতিহাসিক ও অত্যন্ত জনপ্রিয় চায়ের দোকানকে চিহ্নিত করা হয়েছে। এই তালিকায় রয়েছে বিবাদী বাগের বিখ্যাত ‘চিত্তবাবুর দোকান’, ভবানীপুরের ‘বলবন্ত সিং ধাবা’, ‘কোনা দোকান’, ‘ন্যাশনাল ইকনমিক রেস্টুরেন্ট’ এবং শ্রীরামপুরের ঐতিহ্যবাহী ‘নরেশবাবুর টি স্টল’।
টি বোর্ডের চেয়ারম্যান সি মুরুগান জানিয়েছেন, “কলকাতার এই ঐতিহ্যবাহী ও হেরিটেজ চায়ের দোকানগুলির সঙ্গে কোটি কোটি সাধারণ মানুষের অগাধ আবেগ জড়িয়ে রয়েছে। আমরা চাইছি এই চেনা দোকানগুলির ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে তাদের পরিবেশকে আরও সুন্দর ও আধুনিক রূপে সাজিয়ে তুলতে। যেসব দোকান মালিক এতে সম্মতি জানাবেন, টি বোর্ডের পক্ষ থেকেই সেই সৌন্দর্যায়নের সমস্ত ব্যবস্থা করা হবে। প্রাথমিকভাবে ৭টি দোকান বেছে নেওয়া হলেও, আগামী দিনে আরও এমন ঐতিহাসিক দোকানের খোঁজ চালানো হচ্ছে।”
শহরের অলিতে-গলিতে ছড়িয়ে থাকা এই জনপ্রিয় চায়ের দোকানগুলোর স্বাদ ও খাবারের গুণে বহু বছর ধরেই মুগ্ধ সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্টজনেরা। টি বোর্ডের এই যুগান্তকারী উদ্যোগে উচ্ছ্বসিত শহরের চা-প্রেমী বাঙালি ও প্রবীণ আড্ডাধারীরা।

