ভোলবদল প্রকৃতির! আজ বিকেলেই ভিজতে পারে এই ৪ জেলা
ভোটের আবহে আগামী কয়েক দিন রাজ্যজুড়ে মেঘ-বৃষ্টির লুকোচুরি খেলার পূর্বাভাস দেওয়া হয়েছে
Truth of Bengal: রাজ্যে লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে, আর তার সাথেই পাল্লা দিয়ে বাড়ছে প্রকৃতি ও রাজনীতির উত্তাপ। তবে এই চরম অস্বস্তির মধ্যেই আবহাওয়ার ভোলবদল নিয়ে বড় খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। ভোটের আবহে আগামী কয়েক দিন রাজ্যজুড়ে মেঘ-বৃষ্টির লুকোচুরি খেলার পূর্বাভাস দেওয়া হয়েছে।
কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত রোদের তেজ কমার লক্ষণ নেই। গত শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি। দিনের বেলা মেঘ আর রোদের খেলা চললেও আর্দ্রতাজনিত অস্বস্তি পিছু ছাড়ছে না। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আপাতত ২০ এপ্রিলের আগে কলকাতায় বৃষ্টির কোনো জোরালো সম্ভাবনা নেই। বিশেষ করে উপকূলীয় জেলাগুলিতে ঘামঝরানো গরমের পাশাপাশি বেশ কিছু জায়গায় লু-এর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তবে দুপুরের পর কোনো কোনো জেলায় সাময়িকভাবে আকাশ মেঘলা হয়ে বিক্ষিপ্ত বৃষ্টির দেখা মিলতে পারে।
পাহাড়ি এলাকায় আবহাওয়া মনোরম থাকলেও সমতলের জেলাগুলিতে অস্বস্তি বজায় থাকবে। তবে প্রথম দফার নির্বাচনের দিন উত্তরবঙ্গের একাধিক জেলায় আবহাওয়া মোড় নিতে পারে। আলিপুরের পূর্বাভাস অনুযায়ী, ভোটের দিন দুপুর বা বিকেলের পর বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়া বইতে পারে উত্তরবঙ্গের সমতল এলাকায়।
আবহাওয়াবিদদের মতে, আগামী দু-তিন দিনের মধ্যে রাজ্যের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আসল পরিবর্তন দেখা যাবে তার পরে। আগামী সাত দিনে গোটা রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির প্রবণতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রথম দফার নির্বাচন মিটে গেলেই আবহাওয়ার মেজাজ ফের বদলাবে বলে মনে করছে আবহাওয়া দপ্তর।





