ভোটের আগেই আঁটঘাট বাঁধল প্রশাসন! রেজিনগরে বিপুল কেন্দ্রীয় বাহিনী মোতায়েন
কোনওরকম অশান্তি এড়িয়ে অবাধ, শান্তিপূর্ণ ও স্বচ্ছ ভোটগ্রহণ নিশ্চিত করতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন ও জেলা প্রশাসন
Truth of Bengal: রাত পোহালেই মুর্শিদাবাদের রেজিনগরে উপনির্বাচন। ভোটের আগের দিন থেকেই রাজনৈতিক উত্তাপ চরমে। কোনওরকম অশান্তি এড়িয়ে অবাধ, শান্তিপূর্ণ ও স্বচ্ছ ভোটগ্রহণ নিশ্চিত করতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন ও জেলা প্রশাসন। মুর্শিদাবাদ জেলা প্রশাসন ও নির্বাচন দফতর সূত্রে জানা গিয়েছে, রেজিনগর বিধানসভা কেন্দ্রে মোট ৩১৫টি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে। এর মধ্যে ২৮২টি মূল বুথ এবং ৩৩টি সহায়ক বুথ। প্রতিটি বুথেই ভোটারদের সাহায্যের জন্য ‘ভোটার অ্যাসিসট্যান্স বুথ’ রাখা হয়েছে।
মহিলা ভোটারদের উৎসাহিত করতে বিশেষ উদ্যোগও নেওয়া হয়েছে। ১৫৮ ও ১৫৯ নম্বর বুথ দুটি সম্পূর্ণ মহিলা পরিচালিত ‘মডেল বুথ’ হিসেবে তৈরি করা হয়েছে। এছাড়া প্রতিটি ভোটকেন্দ্রে মোবাইল ফোন জমা রাখার জন্য বিশেষ ডিপোজিট ব্যাগ রাখা হবে। নিরাপত্তায় মোতায়েন থাকছে ৩৪ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী। পাশাপাশি দায়িত্বে থাকবেন রাজ্য পুলিশের ৮১৯ জন কর্মী। তাঁদের মধ্যে ১৪৪ জন অফিসার এবং ৬৭৫ জন কনস্টেবল রয়েছেন।
জেলাশাসক, পুলিশ সুপার এবং রিটার্নিং অফিসারের যৌথ সমীক্ষায় রেজিনগরে ১৯টি স্পর্শকাতর এলাকা চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি ২২৯টি বুথকে ‘ক্রিটিক্যাল’ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। ওই এলাকাগুলিতে ভোটের আগে থেকেই নিয়মিত রুট মার্চ এবং এরিয়া ডমিনেশন চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনী। অভিযোগ নিষ্পত্তির জন্যও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। ১৯৫০ টোল-ফ্রি হেল্পলাইনে ২৪ ঘণ্টা চারজন এজেন্ট কাজ করছেন। জাতীয় অভিযোগ পোর্টাল এবং কমপ্লেইন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে এখনও পর্যন্ত মোট পাঁচটি অভিযোগ জমা পড়েছে। প্রশাসনের দাবি, সবকটি অভিযোগই ২৪ ঘণ্টার মধ্যে নিষ্পত্তি করা হয়েছে। একইভাবে সি-ভিজিল অ্যাপে আসা ৩৫টি অভিযোগেরও শতভাগ নিষ্পত্তি হয়েছে বলে জানিয়েছে নির্বাচন দফতর।






