কলকাতা

নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর উপহার! ১৪ হাজার পদে নিয়োগ ও কর্মচারীদের ভাতা বৃদ্ধির ঘোষণা

একাধিক ক্ষেত্রে নতুন সিদ্ধান্তের কথা জানান তিনি

Truth of Bengal: রাজ্যে নতুন সরকারের প্রথম দুর্গাপুজোর আগে একগুচ্ছ বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিয়োগ, ভাতা বৃদ্ধি, পুলিশি পরিকাঠামো এবং উচ্চশিক্ষা—একাধিক ক্ষেত্রে নতুন সিদ্ধান্তের কথা জানান তিনি। আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যে বিভিন্ন সরকারি দফতরে ১৪ হাজারেরও বেশি নিয়োগ সম্পন্ন করার লক্ষ্যও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। পুজোর আগে ভূমি ও ভূমি সংস্কার দফতরের অস্থায়ী সাফাইকর্মী বা ‘কর্মবন্ধু’দের জন্যও সুখবর দিয়েছেন শুভেন্দু। তাঁদের মাসিক ভাতা ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮ হাজার টাকা করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। চলতি মাস থেকেই বর্ধিত হারে পারিশ্রমিক পাওয়া যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

পুলিশি পরিষেবাতেও বড় পরিবর্তনের ঘোষণা করা হয়েছে। আগামী ১০ অক্টোবর, মহালয়ার দিন রাজ্যে চালু হবে জরুরি পরিষেবার নম্বর ‘১১২’। ওই দিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠান থেকে রাজ্যের বিভিন্ন থানার জন্য ৪০০টি গাড়ি এবং ৪৫০টি মোটরবাইক দেওয়া হবে। এর পরদিন, ১১ অক্টোবর রাজ্য পুলিশের প্রথম ব্যাচে প্রায় ১২ হাজার চাকরিপ্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সরকারি চাকরিতে নতুন নিয়োগ নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। শুভেন্দু জানিয়েছেন, বিভিন্ন দফতরে মোট ১৪,৪৫৪টি নতুন পদে নিয়োগ হবে। আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যে পরীক্ষা ও নিয়োগ প্রক্রিয়া শেষ করার লক্ষ্য নিয়েছে সরকার। পিএসসি এবং পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এই নিয়োগ হবে।

বন দফতর, দমকল, কারা দফতর, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতর-সহ একাধিক বিভাগে শূন্যপদ পূরণ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শিক্ষাক্ষেত্রেও এসেছে নতুন ঘোষণা। তফসিলি জাতি ও উপজাতিভুক্ত হস্টেল পড়ুয়াদের খাবারের জন্য বরাদ্দ মাসিক ১,৮০০ টাকা থেকে বাড়িয়ে ৩,৩০০ টাকা করা হয়েছে। পাশাপাশি রাজ্যে চালু হচ্ছে কেন্দ্রীয় ‘ভগিনী নিবেদিতা স্কিম’। এই প্রকল্পের আওতায় অবিবাহিত মহিলাদের উচ্চশিক্ষার জন্য তিন বছরে মোট ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, রাজ্যে কর্মসংস্থান বাড়ানো, প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করা এবং শিক্ষাক্ষেত্রে সহায়তা বাড়ানোই সরকারের অগ্রাধিকার। পুজোর আগে এই একগুচ্ছ ঘোষণার পাশাপাশি আগামী কয়েক মাসে আরও বিভিন্ন ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

Related Articles