‘বাংলা থেকেও তৈরি হোক এমন পাইলট’, স্মিত মচ্ছরের সাহসিকতায় মুগ্ধ শুভেন্দু
তার প্রশংসা করে বাংলাতেও এমন দক্ষ ও দেশপ্রেমিক পাইলট তৈরির পরিকাঠামো গড়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Truth of Bengal: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর এবার ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের সাহসিকতাকে কুর্নিশ জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মাঝ আকাশে ভয়াবহ বিপদের মুখে যেভাবে বহু যাত্রীর প্রাণ বাঁচাতে স্মিত লড়াই করেছেন, তার প্রশংসা করে বাংলাতেও এমন দক্ষ ও দেশপ্রেমিক পাইলট তৈরির পরিকাঠামো গড়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। বেহালায় একটি ফ্লাইং ট্রেনিং ইনস্টিটিউট তৈরির জন্য কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছেন শুভেন্দু। তাঁর বক্তব্য, বাংলার যুবক-যুবতীরাও যাতে আধুনিক প্রশিক্ষণ নিয়ে পেশাদার পাইলট হিসেবে তৈরি হতে পারেন এবং দেশ-বিদেশে পরিষেবা দেওয়ার সুযোগ পান, সেই লক্ষ্যেই এই উদ্যোগ।
মুখ্যমন্ত্রী বলেন, “ভারতের প্রত্যেক পাইলট দেশকে ভালোবাসেন। কিছুদিন আগে আমাদের এক পাইলট নিজের সাহসিকতার পরিচয় দিয়েছেন। বহু নিরপরাধ মানুষের জীবন বাঁচিয়েছেন তিনি। বাংলা থেকেও যেন এরকম পাইলট তৈরি হতে পারেন, সেই আর্জি জানিয়েছি।” শুভেন্দুর আশা, কেন্দ্রীয় সরকারের অনুমোদন মিললে বেহালায় দ্রুত এই প্রশিক্ষণ প্রতিষ্ঠান তৈরির কাজ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। এর ফলে রাজ্যের তরুণ-তরুণীদের সামনে বিমান পরিবহণ ক্ষেত্রে কর্মসংস্থানের নতুন সুযোগও তৈরি হতে পারে। সম্প্রতি দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের একটি বিমান মাঝ আকাশে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়ে। অভিযোগ, ককপিটের ভিতর স্মিত মচ্ছরের উপর হামলা হয়। গুরুতর আহত অবস্থাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যান তিনি। সেই সময় বিমানটি দ্রুত উচ্চতা হারায় এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শেষ পর্যন্ত গুরুতর জখম অবস্থাতেই ককপিটের দরজা খুলতে সক্ষম হন স্মিত। এরপর বিমানে থাকা অন্য পাইলটদের সহায়তায় পরিস্থিতি সামাল দেওয়া হয় এবং বিমানটিকে নিরাপদে অবতরণ করানো সম্ভব হয়। ঘটনার প্রথমদিকে ককপিটে দুই পাইলটের ব্যক্তিগত বিবাদের জল্পনা ছড়িয়েছিল। পরে অবশ্য ঘটনার নেপথ্যে পরিকল্পিত হামলার অভিযোগ সামনে আসে। স্মিতের সাহসিকতার প্রশংসা করেন বিভিন্ন মহলের প্রতিনিধিরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও হাসপাতালে চিকিৎসাধীন স্মিতের সঙ্গে ফোনে কথা বলে তাঁর সাহসের প্রশংসা করেছিলেন। এবার সেই ঘটনাকে সামনে রেখেই বাংলায় উন্নত মানের পাইলট প্রশিক্ষণ কেন্দ্র তৈরির পক্ষে সওয়াল করলেন শুভেন্দু অধিকারী। তাঁর লক্ষ্য, ভবিষ্যতে স্মিত মচ্ছরের মতো দক্ষ পাইলট যেন বাংলার মাটি থেকেও উঠে আসেন।






