ফের শিরোনামে দিল্লি! কিশোরীকে গণধর্ষণের পর খুন নাবালক দুষ্কৃতীদের, দেহ খুবলে খেল কুকুর
পরিচিতর ডাকেই নিভে গেল প্রাণ! ধর্ষণের পর ছুরির এলোপাথাড়ি কোপ, খাস রাজধানীতে নারকীয় কাণ্ড!
Truth of Bengal: খাস ভারতের রাজধানী দিল্লিতে ফের একবার নারী নিরাপত্তার ভয়াবহ ও নারকীয় ছবি ফুটে উঠল। এক ১৭ বছর বয়সি নাবালিকাকে পশুপাখির মতো মদ্যপ অবস্থায় গণধর্ষণ করে নৃসংশভাবে খুন করল তার চার পরিচিত তরুণ, যাদের মধ্যে তিনজনই স্বয়ং নাবালক! ঘটনাটি ঘটিয়ে দেহাংশ খেতের মধ্যে ফেলে রেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা। দিনকয়েক পর যখন পুলিশ দেহটি উদ্ধার করে, ততক্ষণে চারপাশের বেওয়ারিশ কুকুর অত্যন্ত নৃশংসভাবে ওই মৃতদেহের সিংহভাগ খেয়ে ফেলেছে। দেহাংশের অবস্থা এতটাই মর্মান্তিক ছিল যে, খালি চোখে দেহটির লিঙ্গ নির্ধারণ করাও পুলিশের পক্ষে সম্ভব হয়নি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিল্লির কুশক রোড এলাকার বাসিন্দা জয়পাল রানা নামে এক ব্যক্তির খেত থেকে কয়েকদিন আগে পচা-গলা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নাবালিকার দেহাংশ উদ্ধার হয়। ঘটনার তদন্তে নেমে দিল্লির আলিপুর ও উত্তর জেলার পুলিশ আধিকারিকেরা আশেপাশের এলাকার অন্তত ৫০টি সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখা শুরু করেন। ফুটেজে একটি সন্দেহজনক টেম্পোর গতিবিধি নজরে আসতেই বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে টেম্পো চালককে পাকড়াও করে পুলিশ। চালককে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে আসল চাঞ্চল্যকর তথ্য।
তদন্তে নেমে পুলিশ শিবম (১৯) নামক প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে এবং ঘটনায় যুক্ত বাকি তিন নাবালককে চিহ্নিত করেছে, যাদের বয়স ১৬ থেকে ১৭ বছরের মধ্যে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, নিহত ১৭ বছরের নাবালিকা তার এক বন্ধুর ডাকেই দেখা করতে এসেছিল। সেখানে অভিযুক্তরা সবাই একসঙ্গে মদ্যপান করছিল। এর পরই এক নাবালক তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করলে নির্যাতিতা পুলিশকে জানানোর হুমকি দেয়। তখনই চারজন মিলে তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং গণধর্ষণ চালায়। পরবর্তীতে প্রমাণ লোপাটের উদ্দেশ্যে ধারালো ছুরি দিয়ে অন্তত আটটি কোপ মেরে তাকে খুন করে একটি খেতের নির্জন অংশে ফেলে রেখে টেম্পোয় চেপে চম্পট দেয় তারা।
ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, মৃত্যুর কয়েকদিন পর কুকুর এসে দেহ খুবলে খেয়েছে, যার ফলে মৃতদেহের ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং মুখ সম্পূর্ণ বিকৃত হয়ে যায়। ঘটনাস্থল থেকে খুনে ব্যবহৃত দুটি রক্তমাখা ছুরি ও নির্যাতিতার পোশাক উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে পরিবার এসে দেহাংশ শনাক্ত করলেও, রাজধানীর বুকে এই প্রকার পাশবিক ও নির্মম ঘটনায় আবারও সাধারণ মানুষের মনে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে।






